বিশ্বকাপের হাইভোল্টেজ নকআউট পর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ার পরাশক্তি জাপান। শক্তি, সামর্থ্য আর ফুটবল ইতিহাসে ব্রাজিল ঢের এগিয়ে থাকলেও সেলেসাওদের শক্তি নিয়ে মোটেও ভীত নন জাপানের ফরোয়ার্ড দায়জেন মায়েদা। বরং নিজেদের পরিকল্পনা মাঠে ঠিকঠাক বাস্তবায়ন করতে পারলে ব্রাজিলকেও টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়া সম্ভব বলে হুঙ্কার দিয়ে রেখেছেন এই জাপানি স্ট্রাইকার।
বিশ্বকাপের 'এফ' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ড্র করে রানার্সআপ হিসেবে নকআউট পর্বের টিকিট কাটে জাপান। আগামী ২৯ জুন হিউস্টনে শেষ ষোলোর লড়াইয়ে তাদের মুখোমুখি হবে গ্রুপ 'সি' চ্যাম্পিয়ন ব্রাজিল। কার্লো আনচেলত্তির অধীনে থাকা ব্রাজিল দল দুটি জয় ও একটি ড্র নিয়ে গ্রুপসেরা হয়ে নকআউটে পা রেখেছে।
কাগজে-কলমে দুই দলের পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের আধিপত্যেরই জানান দিচ্ছে। এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে ১৪ বার মুখোমুখি হয়েছে এই দুই দল, যার মধ্যে ১১টিতেই জয় পেয়েছে সেলেসাওরা। দুটি ম্যাচ ড্র হলেও জাপানের জয় মাত্র একটিতে। তবে সেই একমাত্র জয়টিই এখন জাপানের সবচেয়ে বড় টনিক। কারণ, গত বছরের অক্টোবরে দুই দলের সর্বশেষ দেখায় ব্রাজিলকে হারিয়েছিল ব্লু সামুরাইরা। সাম্প্রতিক সেই স্মৃতিই আত্মবিশ্বাস জোগাচ্ছে এশিয়ার দলটিকে।
ব্রাজিলের বিপক্ষে রণপরিকল্পনা নিয়ে জাপানি স্ট্রাইকার দায়জেন মায়েদা বলেন, "আমার বিশ্বাস, ম্যাচটি খুবই গতিময় হবে। তবে আমরা যদি নিজেদের স্বাভাবিক খেলাটা ঠিকভাবে খেলতে পারি, তাহলে যেকোনো প্রতিপক্ষকেই হারানো সম্ভব। আমরা এখনও ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। এতদিন ধরে যা গড়ে তুলেছি এবং দলের মধ্যে যে সমন্বয় তৈরি হয়েছে, সেটি যদি মাঠে ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারি, সেটাই হবে আমাদের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"
এদিকে স্ট্রাইকার মায়েদা হুঙ্কার দিলেও ব্রাজিলের শক্তি সম্পর্কে সতীর্থদের পা মাটিতে রাখার পরামর্শ দিয়েছেন জাপানের অভিজ্ঞ ডিফেন্ডার ইউতো নাগাতোমো। বিশেষ করে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা তারকা ফরোয়ার্ড নেইমারকে ঘিরে বাড়তি সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছেন তিনি। কারণ জাপানের বিপক্ষে নেইমারের রেকর্ড বড্ড ভয়ংকর; এশিয়ার এই দলটির বিপক্ষে একাই ৯টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান মহাতারকা।
সতীর্থদের সতর্ক করে নাগাতোমো বলেন, "নেইমার বিশ্বমানের খেলোয়াড়, তাই অবশ্যই ওকে কড়া নজরে রাখতে হবে। আর সত্যি বলতে, এই ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য নতুন একটি টুর্নামেন্ট শুরুর মতো। তাদের বিপক্ষে মাঠে নিজেদের শতভাগ উজাড় করে দেওয়া ছাড়া জয়ের অন্য কোনো বিকল্প নেই।"
ইতিহাস ও পরিসংখ্যান ব্রাজিলের পক্ষে কথা বললেও, সাম্প্রতিক জয়ের স্মৃতি ও মাঠের আত্মবিশ্বাসকে পুঁজি করে আগামী ২৯ জুন হিউস্টনে এক বড় চমকের লক্ষ্য নিয়েই মাঠে নামবে জাপান।
আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখার রহস্য
প্যারাগুয়ের সঙ্গে ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া