রাউন্ড অব ৩২ নিশ্চিত করলো যারা

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম

বিশ্বকাপের গ্রুপ পর্বের বেশির ভাগ ম্যাচ শেষ হতেই নকআউট পর্বের চিত্র অনেকটাই পরিষ্কার হয়ে উঠেছে। এখন পর্যন্ত ছয়টি গ্রুপের খেলা শেষ হয়েছে। ২৪টি দল তাদের গ্রুপপর্বের অভিযান সম্পন্ন করেছে। এর মধ্যে ১৯টি দল নিশ্চিত করেছে শেষ বত্রিশের টিকিট, আর বিদায় নিশ্চিত হয়েছে ৮ দলের। বাকি ২১টি দল লড়ছে অবশিষ্ট ১৩টি স্থানের জন্য।

৪৮ দলের এই বিশ্বকাপে ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুই দল সরাসরি রাউন্ড অব থার্টি টুতে উঠছে। তাদের সঙ্গে যোগ দেবে সেরা আটটি তৃতীয় স্থানধারী দল। আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে নকআউট পর্বের ম্যাচগুলো।

এখন পর্যন্ত বড় কোনো অঘটন না ঘটায় বেশ কয়েকটি শক্তিশালী দল নির্বিঘ্নেই শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে। তবে নতুন ফরম্যাটের কারণে নকআউটের প্রতিপক্ষ নির্ধারণের সমীকরণ বেশ জটিল। ফিফার হিসাব অনুযায়ী, রাউন্ড অব থার্টি টু-এর পূর্ণ সূচি নির্ধারণে সম্ভাব্য বিন্যাস রয়েছে ৪৯৫টি। তবু ইতোমধ্যে আটটি দল নিশ্চিতভাবে জেনে গেছে তাদের পরবর্তী প্রতিপক্ষ।

সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি হতে যাচ্ছে ব্রাজিল ও জাপানের মধ্যে। ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ হয়েছে ‘এফ’ গ্রুপের রানার্সআপ জাপান। সুইডেনের বিপক্ষে জাপানের ড্রয়ের পরই নিশ্চিত হয় এই ম্যাচ। সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

ম্যাচটিকে আরও জমিয়ে তুলেছে সাম্প্রতিক পরিসংখ্যান। ২০১৯ সালের পর কোচ হাজিমে মোরিয়াসুর অধীনে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে অপরাজিত জাপান। এর পাশাপাশি ২০২৫ সালে প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল এশিয়ার দলটি।

নকআউটের আরেকটি হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে মরক্কো ও নেদারল্যান্ডস। মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানাডার মন্টেরেই স্টেডিয়ামে হবে এই লড়াই। ফিফা র‌্যাঙ্কিংয়ের সাত ও আট নম্বর দলের এই ম্যাচে শুরুতেই বিদায় নেবে সম্ভাব্য দুই সেমিফাইনালিস্টের একজন।

তিন স্বাগতিক দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডাও জেনে গেছে তাদের প্রতিপক্ষ। যুক্তরাষ্ট্র খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে, আর কানাডার প্রতিপক্ষ ২০১০ বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে নিজেদের ম্যাচের সময়সূচি নিশ্চিত হলেও প্রতিপক্ষের জন্য অপেক্ষা করতে হচ্ছে জার্মানি, আর্জেন্টিনা, আইভরি কোস্ট, মেক্সিকো, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডকে। বাকি ছয়টি গ্রুপের খেলা শেষ হলেই প্রকাশ পাবে শেষ বত্রিশের পূর্ণ সূচি।

এদিকে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও ও জর্ডানের।

নকআউট পর্বে প্রতিটি ম্যাচই হবে সরাসরি বিদায়ের। নির্ধারিত ৯০ মিনিটে ফল না এলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা থাকলে টাইব্রেকারে নির্ধারিত হবে বিজয়ী। ফলে এবার থেকে প্রতিটি ম্যাচই হবে বাঁচা-মরার লড়াই, যেখানে একটি ভুলেই শেষ হয়ে যেতে পারে শিরোপার স্বপ্ন।

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত