গ্রুপপর্ব শেষে কারা বিদায় নিল

চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বাদ পড়লো যারা

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৪:৪৮ পিএম

গ্রুপপর্বের শেষ দিনে বাকি ছিল মাত্র চারটি নকআউটের টিকিট। শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত অবশিষ্ট তিনটি গ্রুপের খেলা শেষে পূর্ণ হয়েছে শেষ ৩২ দলের তালিকা। এর মধ্য দিয়ে ৪৮ দল নিয়ে শুরু হওয়া ফিফার এই মেগা আসর এখন প্রবেশ করছে নকআউট পর্বে। একই সঙ্গে নির্ধারিত হয়েছে শেষ ৩২-এর প্রতিটি ম্যাচের লড়াই। ইতোমধ্যে সবার প্রতিপক্ষও চূড়ান্ত হয়ে গেছে।

‘এল’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগেই ন্যূনতম তৃতীয় সেরা দল হিসেবে নকআউট নিশ্চিত করেছিল ইংল্যান্ড। এরপর আগেই বিদায় নিশ্চিত হওয়া পানামার বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নেয় তারা। ইংল্যান্ডের হয়ে গোল করেন জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইন।

একই সময়ে মাঠে নেমেছিল এল গ্রুপের অপর দু’দল ক্রোয়েশিয়া ও ঘানা। আগেই এক জয় ও ড্রতে ৪ পয়েন্ট নিয়ে ঘানা নকআউটে উঠেছিল। তবে অপেক্ষায় ছিল লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। ঘানাকে ২-১ ব্যবধানে হারিয়ে গ্রুপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় হয়ে ক্রোয়াটরা শেষ ৩২–এ পা রেখেছে। তাদের পয়েন্ট ৬। সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ৪ পয়েন্ট নিয়ে ঘানা তৃতীয়।

এর প্রায় আধঘণ্টা পর নেমেছিল ‘কে’ গ্রুপের চার দল। যেখানে আগেই কলম্বিয়া ও পর্তুগাল নকআউট নিশ্চিত করে রেখেছিল। ফলে দুই পরাশক্তি মুখোমুখি হয়েছিল পজিশন দখলের লড়াইয়ে। দুই দলের রোমাঞ্চকর দ্বৈরথে কেউই গোল পায়নি। গোলশূন্য সমতায় শেষ হওয়া ম্যাচের পর ৭ পয়েন্ট নিয়ে কলম্বিয়া ‘কে’ গ্রুপের চ্যাম্পিয়ন এবং পর্তুগাল ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। একই গ্রুপ থেকে উজবেকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে তৃতীয় দল হিসেবে প্রথমবার ইতিহাস গড়ে নকআউট নিশ্চিত করে গণতান্ত্রিক কঙ্গো।

‘কে’ গ্রুপের ম্যাচ শেষে বিশ্বকাপের নকআউটে ওঠার সুযোগ ছিল আর দুই দলের। তবে নজর ছিল নিজেদের গ্রুপপর্ব শেষ করা ইরানের। আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচে যেকোনো এক দল জিতলেই মধ্যপ্রাচ্যের দেশটি নকআউটে উঠত। কিন্তু তাদের হতাশার সাগরে ডুবিয়ে রোমাঞ্চকর ম্যাচে ৩-৩ গোলে ড্র করায় আলজেরিয়া-অস্ট্রিয়া সমান ৪ পয়েন্ট নিয়ে উভয়েই নকআউটে উঠেছে। একই গ্রুপ থেকে আগেই গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়া আর্জেন্টিনা শেষ ম্যাচে জর্ডানকে হারায় ৩-১ গোলে। যদিও এই ম্যাচে কারও জন্য কোনো সমীকরণ ছিল না।

নকআউটে উঠেছে যারা (গ্রুপের শীর্ষ দুই দল ও তৃতীয় স্থানের হিসাবে)

গ্রুপ এ– মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা
গ্রুপ বি– সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া-হার্জেগোভিনা (তৃতীয়)
গ্রুপ সি– ব্রাজিল, মরক্কো
গ্রুপ ডি– যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে (তৃতীয়)
গ্রুপ ই– জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর (তৃতীয়)
গ্রুপ এফ– নেদারল্যান্ডস, জাপান, সুইডেন (তৃতীয়)
গ্রুপ জি– বেলজিয়াম, মিসর
গ্রুপ এইচ– স্পেন, কেপ ভার্দে
গ্রুপ আই– ফ্রান্স, নরওয়ে, সেনেগাল (তৃতীয়)
গ্রুপ জে– আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া (তৃতীয়)
গ্রুপ কে– কলম্বিয়া, পর্তুগাল, গণতান্ত্রিক কঙ্গো (তৃতীয়)
গ্রুপ এল– ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা (তৃতীয়)

গ্রুপপর্বেই যাদের বিদায় 

চেক প্রজাতন্ত্র, কাতার, হাইতি, তুরস্ক, কুরাসাও, তিউনিসিয়া, নিউজিল্যান্ড, উরুগুয়ে, সৌদি আরব, ইরাক, জর্ডান, পানামা, ইরান, দক্ষিণ কোরিয়া, স্কটল্যান্ড ও উজবেকিস্তান 

AM
আরও পড়ুন
সর্বশেষপঠিত