বিমানবন্দরে মেসিকে মেটাল ডিটেক্টরে তল্লাশি, ভিডিও ভাইরাল

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৪:১৩ পিএম

চলমান বিশ্বকাপে নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে, আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকেও নিয়ম মেনে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির মুখোমুখি হতে হয়েছে। সেই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বর্তমানে বিশ্বকাপের ম্যাচ খেলতে ফ্লোরিডায় অবস্থান করছে আর্জেন্টিনা দল। মিসৌরির কানসাস সিটিতে তাদের বেস ক্যাম্প হলেও পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। সেখানে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ খেলতে মিসৌরি থেকে বিমানে রওনা হওয়ার আগে বিমানবন্দরে নিয়মিত নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হয় পুরো আর্জেন্টিনা দলকে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়রা লাগেজ জমা দিয়ে একে একে নিরাপত্তা চেকপয়েন্ট অতিক্রম করছেন। এ সময় মেসির পুরো শরীর মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করেন নিরাপত্তাকর্মীরা।

ভিডিওতে আরও দেখা যায়, মেসির আগে সতীর্থ রদ্রিগো ডি পলকে তল্লাশি করার সময় কোনো একটি ঘটনা দেখে হাসিতে ফেটে পড়েন আর্জেন্টাইন অধিনায়ক। সেই মুহূর্তটিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে, এবারের বিশ্বকাপের অন্যতম চমক কেপ ভার্দে। তিনটি ম্যাচ খেলেও কোনো জয় না পেলেও একটি ম্যাচেও হারেনি দলটি। সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে তারা। ফলে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে।

বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।

AM
আরও পড়ুন