বিশ্বকাপের নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে দাঁড়াতেই দিলো না বেলজিয়াম। চার্লস ডি কেটেলারের জোড়া গোলের ওপর ভর করে মার্কিনিদের ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে ইউরোপের রেড ডেভিলরা।
এই দাপুটে জয়ের মাধ্যমে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বেলজিয়াম, যেখানে শেষ আটের লড়াইয়ে তারা শক্তিশালী স্পেনের মুখোমুখি হবে।
সিয়াটলের মাঠে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে বেলজিয়াম। ম্যাচের মাত্র ৯ম মিনিটেই নিকোলাস রাসকিনের চমৎকার পাস থেকে নিখুঁত শটে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তারকা ফরোয়ার্ড চার্লস ডি কেটেলারে।
১ গোল পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের ৩১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে পাওয়া এক দুর্দান্ত ফ্রি-কিককে গোলে রূপান্তর করে মার্কিনদের সমতায় ফেরান মালিক টিলম্যান। তবে স্বাগতিক দর্শকদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি বেলজিয়াম। এর মাত্র দুই মিনিট পর (৩৩ মিনিটে) লিয়ান্দ্রো ত্রোসারের ক্রস থেকে হেডে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন ডি কেটেলারে। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বেলজিয়াম।
দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ বাড়ায় যুক্তরাষ্ট্র। কিন্তু ম্যাচের ৫৭তম মিনিটে মার্কিন গোলরক্ষক ম্যাট ফ্রিস এক মারাত্মক ভুল করে বসেন। সেই সুযোগে ফাঁকা জালে বল জড়িয়ে ব্যবধান ৩-১ করেন হান্স ভানাকেন। এই গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বেলজিয়ামের হাতে চলে যায়।
ম্যাচের শেষ দিকে ডিফেন্স সামলে পাল্টা আক্রমণে ওঠে বেলজিয়াম। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে রোমেলু লুকাকু আরেকটি গোল করলে ৪-১ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত হয় বেলজিয়ামের। এই পরাজয়ের সাথে সাথেই ঘরের মাঠে মার্কিনদের বিশ্বকাপ মিশন শেষ ষোলোতেই থমকে গেল।
পুরো ম্যাচজুড়ে বল পজিশন ও আক্রমণ—সবক্ষেত্রেই আধিপত্য দেখিয়েছে বেলজিয়াম। ডি কেটেলারের দুর্দান্ত ফর্ম ও মাঝমাঠের নিয়ন্ত্রণই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। এবার সেমিফাইনালের টিকিট কাটার লড়াইয়ে স্পেনের বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে বেলজিয়ামকে।
মেসির চাপ কমাতে একাদশে আসছে ৩ পরিবর্তন
পর্তুগালের বিদায়, বিশ্বকাপ শেষ রোনালদোর
লাল কার্ড প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প