বিশ্বকাপ থেকে বিদায়ের পর জুয়ায় মত্ত নেইমার

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৭:৩৩ পিএম

বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর জুয়ার টেবিলে দেখা গেল নেইমার জুনিয়রকে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পোকার প্রতিযোগিতা ওয়ার্ল্ড সিরিজ অব পোকার (ডব্লিউএসওপি)-এ অংশ নিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। বিশ্বকাপ থেকে বিদায়ের মাত্র এক সপ্তাহের মধ্যেই তার এমন উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ডব্লিউএসওপির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, নেইমার প্রতিযোগিতার একটি টেবিলে এসে বসছেন এবং খেলায় অংশ নিচ্ছেন। জানা গেছে, তিনি ১০ হাজার ডলারের সিক্স-ম্যাক্স ইভেন্টে খেলেছেন। এই প্রতিযোগিতায় অংশ নিতে প্রবেশ ফি ছিল প্রায় ৫১ হাজার ব্রাজিলিয়ান রিয়াল।

ভিডিওটি প্রকাশ করে আয়োজকরা লিখেছে, ‘ওয়ার্ল্ড সিরিজ অব পোকার ২০২৬-এ স্বাগতম নেইমার জুনিয়রকে। ব্রাজিল বিশ্বকাপ থেকে প্রায় এক সপ্তাহ আগে বিদায় নেওয়ার পর ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার ১০ হাজার ডলারের সিক্স-ম্যাক্স টুর্নামেন্টে অংশ নিয়েছেন।’

এবারের বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। সেই ম্যাচের পর থেকেই যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন নেইমার। ছুটির ফাঁকে লাস ভেগাসে গিয়ে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়াই এখন তার আলোচনার কেন্দ্রবিন্দু।

তবে এই অবসর বেশিদিন নয়। আগামী ১৭ জুলাই সান্তোসের অনুশীলনে ফেরার কথা রয়েছে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের। সামনের মৌসুমের প্রস্তুতির আগে ছুটির সময়টুকু ভিন্নভাবেই উপভোগ করছেন তিনি।

নেইমারের পোকারের প্রতি আগ্রহ নতুন নয়। অতীতেও একাধিকবার আন্তর্জাতিক পোকার প্রতিযোগিতায় অংশ নিতে দেখা গেছে তাকে। সুযোগ পেলেই অনলাইনে কিংবা সরাসরি পোকার খেলায় সময় কাটান ব্রাজিলিয়ান এই তারকা। তবে বিশ্বকাপে হতাশার পর তার এই উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে নানা আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

AS
আরও পড়ুন