তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কারও আগ্রহ নেই: থমাস টুখেল

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৯:৩৫ পিএম

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। তবে ফ্রান্সের বিপক্ষে এই ম্যাচকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না ইংলিশ কোচ থমাস টুখেল। তার মতে, ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পর এমন ম্যাচ খেলতে নামা খেলোয়াড়দের জন্য এক ধরনের অনাকাঙ্ক্ষিত দায়িত্ব।

মায়ামিতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘আমাদের কোনো খেলোয়াড়ই এই ম্যাচ খেলতে চায় না, ফ্রান্সের খেলোয়াড়রাও চায় না। সবাই ফাইনালে খেলতে চেয়েছিল। সেই লক্ষ্য পূরণে আমরা সবকিছু দিয়েছি। কিন্তু বাস্তবতা হলো, এখন আমাদের এই ম্যাচ খেলতে হবে। পেশাদারিত্বের সঙ্গে আমরা মাঠে নামব।’

তিনি আরও জানান, সেমিফাইনালে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জন্য খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত করা কঠিন। এ ছাড়া ফ্রান্সের তুলনায় এক দিন কম বিশ্রাম পাওয়াও ইংল্যান্ডের জন্য বাড়তি চ্যালেঞ্জ।

আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে দীর্ঘ সময় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলে আর্জেন্টিনার কাছে হেরে যায় ইংল্যান্ড। অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংলিশরা। তবে পরে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা।

পরাজয়ের হতাশার মধ্যেও দলের পারফরম্যান্স নিয়ে গর্বিত টুখেল। তিনি বলেন, বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোও বড় অর্জন, কারণ অনেক শক্তিশালী দল এর আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

টুখেলের ভাষায়, ‘আরেকটি বিশ্বকাপের জন্য আমাদের চার বছর অপেক্ষা করতে হবে। তাই সেমিফাইনালে ওঠা অবশ্যই বড় সাফল্য। বিশ্বের অনেক বড় ফুটবল শক্তি এর আগেই বিদায় নিয়েছে। এটি নিঃসন্দেহে অর্জন। কিন্তু এই মুহূর্তে কেউ সেটি শুনতে চায় না, আমিও না। কারণ আমরা নিজেদের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করেছিলাম।’

আগামী শনিবার দিবাগত রাত ৩টায় বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড।

Attr
আরও পড়ুন