ফাইনালের মঞ্চে নয়, টিভির সামনেই থাকছেন ডি মারিয়া

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১১:৪৮ এএম

কাতার বিশ্বকাপের অন্যতম নায়ক আনহেল ডি মারিয়া যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন, বিশ্বকাপ ফাইনালের আগে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিলো আর্জেন্টিনা শিবিরে।

শেষ পর্যন্ত সেই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি জানিয়ছেন যে, বিশ্বকাপ ফাইনাল দেখতে তিনি স্টেডিয়ামে যাবেন না। তবে এর কারণ কোনো ফুটবলীয় বিষয় নয়, বরং একেবারেই ব্যক্তিগত-কুসংস্কার।

আর্জেন্টিনার অভিনেতা নিকো ভাসকেজ অভিনীত নাটক ‘রকি’ দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ডি মারিয়া। এ সময় তাকে জিজ্ঞেস করা হয়, তিনি কি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল দেখতে যাবেন?

তিনি হাসতে হাসতে জবাব দেন ডি মারিয়া, ‘না! তুমি কি পাগল নাকি?’ এরপর নিজের সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেন ২০২২ বিশ্বকাপ ফাইনালের নায়ক।

‘আমি যাইনি, এবারও যাচ্ছি না। আমি অপয়া হতে চাই না। আমি বাড়িতেই থাকব এবং সেখান থেকেই ম্যাচ দেখব।’

তিনি জানিয়েছেন মাঠে উপস্থিত না থাকলেও হৃদয় দিয়ে দলের পাশেই আছেন। আরও বলেন, ‘ছেলেরা জানে, প্রথম দিন থেকেই আমি তাদের সমর্থন করে আসছি। এবারও সবসময়ের মতো দূর থেকেই তাদের সমর্থন করব।’

ডি মারিয়া বলেন, ‘আমি খুবই খুশি, ভীষণ আনন্দিত। আমি মনে করি, সরে দাঁড়িয়ে তরুণদের সুযোগ দেওয়ার সিদ্ধান্তটি ঠিক ছিল। ছেলেরা আবারও বিশ্বকাপ ফাইনালে উঠেছে। গতকালের পারফরম্যান্সের পর তাদের কাছে এর চেয়ে বেশি কিছু চাওয়া যায় না।’

ডি মারিয়া যুক্তরাষ্ট্রে না যাওয়ায় সম্ভাব্য বিশ্বকাপ ট্রফি উপস্থাপনা অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করতে পারেন সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন মারিও আলবার্তো কেম্পেস অথবা অস্কার রুগেরি। কেম্পেস ১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ে এবং রুগেরি ১৯৮৬ সালের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

বিশ্বকাপ ফাইনালের উপস্থিত না থাকলেও, আর্জেন্টিনার কোটি সমর্থকের মতোই নিজের ঘর থেকেই মেসি ও স্কালোনির দলের জন্য প্রার্থনা করবেন ‘ফিদেও’।

NM/SN
আরও পড়ুন