ফাইনালের আগে রেফারিং নিয়ে যা বললেন স্পেন কোচ

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০২:৩৯ পিএম

২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে রেফারিং ইস্যুতে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে রেফারির সিদ্ধান্ত যেন নিরপেক্ষ ও নিয়মভিত্তিক হয়, সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন তিনি।

চলতি বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে রেফারিং। একাধিক বিতর্কিত সিদ্ধান্ত, ভিএআরের ব্যবহার এবং ম্যাচ পরিচালনা নিয়ে কোচ, খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। এমন পরিস্থিতিতে ফাইনালের আগে বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন স্পেন কোচ।

আগামী রোববার (১৯ জুলাই) নিউজার্সির স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া ম্যাচটির আগে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-কে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে দায়িত্বপ্রাপ্ত স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিকের প্রসঙ্গও তুলে ধরেন।

উল্লেখ্য, ভিনচিক কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ের ম্যাচটি পরিচালনা করেছিলেন।

রেফারিং নিয়ে স্পেন কোচ বলেন, 'রেফারি মাঠে কোনো ধরনের শৈথিল্য দেখাতে পারেন না। নিয়ম ভাঙার সুযোগ কাউকে দেওয়া উচিত নয়। ফুটবলের বৈধতার যে সীমারেখা রয়েছে, তা কোনোভাবেই অতিক্রম করা যাবে না।'

তবে একই সঙ্গে রেফারিদের প্রতি আস্থার কথাও জানিয়েছেন তিনি। দে লা ফুয়েন্তে বলেন, 'রেফারিদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। তবে তার চেয়েও বেশি আস্থা আছে আমার দলের ওপর। আমরা জানি, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কী ধরনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হয়।'

ফাইনাল নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে স্পেন কোচ বলেন, 'এটি বিশ্ব ফুটবলের বর্তমান দুই সেরা দলের লড়াই হতে যাচ্ছে। দুই দলের খেলোয়াড়দের প্রতিভা ও দক্ষতায় রয়েছে অনেক মিল, ফলে শুরু থেকেই ম্যাচে থাকবে আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবলের ছাপ।'

ফুয়েন্তে বলেন, 'এটি অসাধারণ একটি ফুটবল প্রদর্শনী হতে যাচ্ছে। দুটি দলই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। আমরা আশা করি, রেফারি ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো দক্ষতার সঙ্গে পরিচালনা করবেন, যাতে বিশ্বকাপ ফাইনালের মর্যাদার সঙ্গে মানানসই একটি ম্যাচ উপভোগ করতে পারে পুরো ফুটবল বিশ্ব।'

AM/YA
আরও পড়ুন