মেসিকে থামানোর পরিকল্পনা জানালেন স্পেন কোচ

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ পিএম

বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসিকে থামাতে কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের ওপর দায়িত্ব দিচ্ছে না স্পেন। বরং পুরো দলের সমন্বিত রক্ষণ ও প্রেসিংয়ের ওপরই ভরসা রাখছেন প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।

রোববার (১৮ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসিকে কীভাবে সামলাবেন, এমন প্রশ্নের জবাবে নিজের পরিকল্পনার কথা জানান স্প্যানিশ কোচ।

দে লা ফুয়েন্তে বলেন, ‘মেসিকে একজন খেলোয়াড় দিয়ে আটকানো সম্ভব নয়। তাকে থামাতে হলে পুরো দলকে একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি জানান, স্পেন ব্যক্তিগত মার্কিংয়ে না গিয়ে দলগতভাবে জায়গা সংকুচিত করবে এবং সমন্বিত প্রেসিংয়ের মাধ্যমে মেসির কাছে বল পৌঁছানোর পথ বন্ধ করার চেষ্টা করবে। মূল লক্ষ্য থাকবে আর্জেন্টিনার আক্রমণভাগের সঙ্গে মেসির সংযোগ বিচ্ছিন্ন করা এবং তাকে স্বাভাবিক ছন্দে খেলতে না দেওয়া।

স্প্যানিশ কোচের মতে, মেসিকে একা সামলানোর চেষ্টা করলে রক্ষণে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। তাই পুরো দলের শৃঙ্খলাবদ্ধ রক্ষণ ও মিডফিল্ডের সমন্বয়ই হবে স্পেনের সবচেয়ে বড় অস্ত্র।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দে লা ফুয়েন্তের কোচিং স্টাফ আর্জেন্টিনার সাম্প্রতিক ম্যাচগুলো বিশ্লেষণ করে এই পরিকল্পনা তৈরি করেছে। তাদের বিশ্বাস, মাঝমাঠে চাপ সৃষ্টি করতে পারলে আর্জেন্টিনার আক্রমণের ধার অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।

অন্যদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো বলছে, স্পেনের এই পরিকল্পনার বিষয়টি জানেন লিওনেল স্কালোনিও। তাই মেসির ওপর চাপ কমাতে আক্রমণে কিছু কৌশলগত পরিবর্তন আনতে পারেন আর্জেন্টাইন কোচ।

সব মিলিয়ে মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালটি শুধু দুই দলের তারকাদের লড়াই নয়, বরং দুই কোচের কৌশলগত লড়াইও হতে যাচ্ছে। একদিকে স্পেনের দলগত প্রেসিং, অন্যদিকে মেসির ব্যক্তিগত জাদু,  এই দ্বৈরথই নির্ধারণ করতে পারে ২০২৬ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন। সূত্র: মার্কা

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত