বিশ্বকাপ থেকে রেকর্ড ১৫ বিলিয়ন ডলার আয় ফিফার

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৮:১০ পিএম

চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে রেকর্ড ১৫ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্ট শুরুর আগে সংস্থাটির নির্ধারিত ১১ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রার তুলনায় এই আয় প্রায় ৪ বিলিয়ন ডলার বেশি।

শনিবার (১৮ জুলাই) সদস্য অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে বৈঠকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো রাজস্ব বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, আয় বৃদ্ধির সবচেয়ে বড় অবদান এসেছে হসপিটালিটি সেবা ও টিকিট বিক্রি থেকে। বিশেষ করে টিকিটের সেকেন্ডারি বা পুনর্বিক্রয় বাজার থেকে ফিফা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করেছে।

সেকেন্ডারি মার্কেটে টিকিট বিক্রির ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা, উভয় পক্ষের কাছ থেকেই ১৫ শতাংশ করে ফি আদায় করে ফিফা। ফলে এই খাতটি এবারের বিশ্বকাপে সংস্থাটির অন্যতম প্রধান আয়ের উৎসে পরিণত হয়েছে।

বিশ্লেষকদের মতে, অতিরিক্ত এই রাজস্বের সুফল ভবিষ্যতে সদস্য ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর মধ্যেও বণ্টন করা হতে পারে। একই সঙ্গে নানা বিতর্ক সত্ত্বেও সফলভাবে বিশ্বকাপ আয়োজন এবং রেকর্ড আয় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অবস্থান আরও শক্তিশালী করবে।

আগামী মার্চে অনুষ্ঠিতব্য ফিফা সভাপতির নির্বাচনের আগে ইনফান্তিনো ইতোমধ্যে ২০০টিরও বেশি সদস্য অ্যাসোসিয়েশনের সমর্থনের আশ্বাস পেয়েছেন বলে জানা গেছে। পর্যবেক্ষকদের ধারণা, ভবিষ্যতে বাড়তি আর্থিক সহায়তার সম্ভাবনা থাকায় অনেক সদস্য দেশ প্রকাশ্যে সমালোচনা থেকে বিরত থাকতে পারে।

রেকর্ড রাজস্ব ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে আরও একটি বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনাও জোরালো করেছে। ২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজক নির্বাচনের বিড সামনে রেখে গত শুক্রবার এক সংবর্ধনা অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রে এককভাবে বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে আবারও বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া উচিত এবং এবার তারা কানাডা ও মেক্সিকো ছাড়াই একক আয়োজক হতে চায়।

এদিকে, ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজনের বিষয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিফার আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 

AS
আরও পড়ুন