কষ্টটা অনেক বেশি, ক্ষত শুকাতে সময় লাগবে: মেসি

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০১:৫০ পিএম

কাতার বিশ্বকাপের রূপকথা যুক্তরাষ্ট্রের মাটিতে নতুন করে লেখার ইচ্ছা ছিলো লিওনেল মেসির। তবে ফাইনালের মহারণে স্পেনের কাছে ১-০ ব্যবধানের হারে সে স্বপ্ন অধরাই থেকে গেলো। ফেরান তোরেসের অতিরিক্ত সময়ের লক্ষ্যভেদে ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বসেরার মুকুট মাথায় পরে স্পেন।

এর ফলে ২০১৪ সালের মারাকানার স্মৃতি ফিরিয়ে আবারও ফাইনালের মঞ্চে আক্ষেপে পুড়লেন মেসি, বুকভাঙা কান্নায় ভাসলেন মাঠেই। এই হারের পর নিজের পরবর্তী পদক্ষেপ বা ২০৩০ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নীরবতা বজায় রেখেছেন আর্জেন্টাইন জাদুকর।

তবে ফাইনালের বিপর্যয় কাটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তা দিয়েছেন মেসি।

সেখানে তিনি লেখেন, ‘কষ্টটা অনেক বেশি এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে ভালো লাগার বিষয়গুলোকেও আমি লালন করছি। আমাদের ঘুরে দাঁড়ানোর ম্যাচগুলো, মাঠে নিজেদের উজাড় করে দেওয়া, যা চিরকাল স্মৃতিতে থেকে যাবে। পুরো দেশের সমর্থন, যা এই দলটির কঠোর পরিশ্রম ও চেষ্টার সঙ্গে যুক্ত হয়ে আমাদের আবারও বিশ্বের সেরাদের কাতারে নিয়ে গেছে।’

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও যোগ করেন,  ‘প্রতিটি শুভেচ্ছা ও বার্তার জন্য হৃদয় নিংড়ানো ধন্যবাদ। আরও একবার আমরা এক হয়ে দেশকে একসুতোয় গাঁথতে পেরেছি, আর্জেন্টাইন হওয়ার অসীম গর্ব ভাগাভাগি করে নিতে পেরেছি। একই সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকেও অভিনন্দন।’

শিরোপা ধরে রাখার অভিযানে টুর্নামেন্টজুড়ে অসাধারণ লড়াইয়ের প্রদর্শনী দেখায় আলবিসেলেস্তেরা। শেষ ষোলোর মঞ্চে মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও রূপকথার জয় তুলে নেয় তারা। এরপর সেমিফাইনালে শেষ মুহূর্তের রোমাঞ্চকর প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে পরাস্ত করে টানা দ্বিতীয়বারের মতো স্বপ্নের ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।

তবে নিউ ইয়র্ক–নিউ জার্সির মেগা ফাইনালে লুইস দে লা ফুয়েন্তের অপ্রতিরোধ্য স্পেনের সামনে থামতে হয় তাদের। ম্যাচের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের এক গোলই ব্যবধান গড়ে দেয়। এই জয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ইউরোপীয় দল হিসেবে টানা ৩৮ ম্যাচে অপরাজিত থাকার ঐতিহাসিক এক অনন্য নজির স্থাপন করলো 'লা রোহা'।

YA
আরও পড়ুন