ইতিহাসের সবচেয়ে বড় ফিফা ফুটবল বিশ্বকাপের পর্দা নেমেছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। গত ১৯ জুলাই নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরে স্পেন। এক মাসেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের দৃষ্টি ছিল বিশ্বকাপে। এবার সেই উত্তেজনা পেরিয়ে শুরু হচ্ছে ক্লাব ফুটবলের নতুন মৌসুমের অপেক্ষা।
আগস্টের মাঝামাঝি থেকেই মাঠে গড়াবে ইউরোপীয় ক্লাব ফুটবলের ২০২৬-২৭ মৌসুম। তার আগে চলবে প্রাক-মৌসুম প্রস্তুতি, অনুশীলন ক্যাম্প ও দলবদলের ব্যস্ততা। বিশ্বকাপের দায়িত্ব শেষ করে ফুটবলাররাও ধীরে ধীরে যোগ দিচ্ছেন নিজ নিজ ক্লাবে।
এক নজরে দেখে নেওয়া যাক ইউরোপের শীর্ষ লিগগুলোর নতুন মৌসুম কবে শুরু হচ্ছে।
উয়েফা সুপার কাপ
নতুন মৌসুমের আনুষ্ঠানিক সূচনা হবে উয়েফা সুপার কাপ দিয়ে। ১২ আগস্ট দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি ও ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলা।
লা লিগা (স্পেন)
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবার আগে মাঠে গড়াবে স্প্যানিশ লা লিগা। ১৫ আগস্ট আলাভেস ও গেতাফের ম্যাচ দিয়ে শুরু হবে নতুন মৌসুম।
গত মৌসুমে হ্যান্সি ফ্লিকের অধীনে ঘরোয়া সব শিরোপাই জিতেছে বার্সেলোনা। অন্যদিকে হোসে মরিনিয়োর অধীনে নতুন অধ্যায় শুরু করা রিয়াল মাদ্রিদের লক্ষ্য হবে শিরোপা পুনরুদ্ধার। রিয়াল ২২ আগস্ট এস্পানিওলের বিপক্ষে এবং বার্সেলোনা ২৩ আগস্ট এলচের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে।
ইংলিশ প্রিমিয়ার লিগ
২১ আগস্ট শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনাল। মিকেল আর্তেতার দল চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা কভেন্ট্রি সিটির বিপক্ষে মৌসুম শুরু করবে।
পরদিন ২২ আগস্ট মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ২৩ আগস্ট নতুন মৌসুমের যাত্রা শুরু করবে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল।
লিগ আঁ (ফ্রান্স)
ফরাসি লিগ আঁ শুরু হবে ২১ আগস্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মার্সেই ও স্ট্রাসবুর্গ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি ২৩ আগস্ট রেঁনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে।
সিরি আ (ইতালি)
২২ আগস্ট শুরু হবে ইতালিয়ান সিরি আ। উদ্বোধনী দিনে একই সময়ে অনুষ্ঠিত হবে ইন্টার মিলান–মোনৎসা এবং উদিনেসে–কোমো ম্যাচ। একই দিন মৌসুম শুরু করবে নাপোলি। ২৩ আগস্ট মাঠে নামবে জুভেন্টাস, আর ২৪ আগস্ট অভিযান শুরু করবে এসি মিলান।
বুন্দেসলিগা (জার্মানি)
জার্মান বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু হবে ২৮ আগস্ট। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ স্টুটগার্ট। ২৯ আগস্ট নিজেদের প্রথম ম্যাচ খেলবে বায়ার লেভারকুসেন ও বরুসিয়া ডর্টমুন্ড।
বিশ্বকাপের উন্মাদনা শেষ হলেও ফুটবলপ্রেমীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে না। আগস্ট থেকেই আবারও ইউরোপের শীর্ষ লিগগুলোতে শুরু হবে নতুন মৌসুমের লড়াই, যেখানে ক্লাবগুলোর সঙ্গে তারকা ফুটবলারদের নতুন অধ্যায়ের দিকেই থাকবে সবার নজর।
স্পেনের জার্সিতে টানা ৫০ ম্যাচ অপরাজিত রুইজ
নতুন লুকে ভিনি, কসমেটিক সার্জারিতে পাল্টে গেলো চেহারা
কেন লঙ্কান লিগ থেকে সরে দাঁড়ালেন তাসকিন?
কষ্টটা অনেক বেশি, ক্ষত শুকাতে সময় লাগবে: মেসি