মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারলো বাংলাদেশ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম

ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে টানা দ্বিতীয় হারের মুখ দেখল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে জামাল ভূঁইয়ার দল। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে বাংলাদেশ।

আসরের শুরুটাও বাংলাদেশের জন্য হতাশার ছিল। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল থমাস ডুলির শিষ্যদের। কিন্তু এবারও গোলের দেখা না পেয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। জামাল ভূঁইয়া, জিদান ইউসুফ, সুকি ও মোরসালিনকে শুরু থেকে খেলানো হয়। তাদের জায়গা হয়নি সোহেল রানা, ফারহান আলি ওয়াহিদ, শাকিল আহাদ তপু ও ফাহমিদুল ইসলামের।

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। প্রথম ১৫ মিনিটে সুকি ও রাকিব একাধিকবার সিঙ্গাপুরের রক্ষণে চাপ তৈরি করেন। কিন্তু প্রতিপক্ষের ডি-বক্সের কাছে গিয়ে আক্রমণের শেষটা ঠিকঠাক করতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধে তাই একটি শটও নিতে পারেনি জামালরা।

অন্যদিকে শুরুতে ধীরগতির ফুটবল খেললেও সময় গড়ানোর সঙ্গে আক্রমণে ধার বাড়ায় সিঙ্গাপুর। ম্যাচের ৩৬তম মিনিটে বাম দিক দিয়ে আক্রমণ তৈরি করে তারা। ক্রস থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে শট করেন স্টেয়ার্ট। তার শট জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় সিঙ্গাপুর। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের কিছুই করার ছিল না।

বিরতির পর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় বাংলাদেশ। আক্রমণ বাড়ালেও সিঙ্গাপুরের জমাট রক্ষণ ভাঙতে পারেনি জামাল ভূঁইয়ার দল। একের পর এক চেষ্টা ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হেরে গ্রুপ পর্বে এখনো পয়েন্টের দেখা পায়নি বাংলাদেশ। ফলে আসর থেকে বিদায় এড়াতে পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর কঠিন সমীকরণের সামনে পড়েছে দলটি।

এএস
আরও পড়ুন