শক্তিশালী ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে শুভসূচনা করেছে বাংলাদেশ। শনিবার (২৪ অক্টোবর) আজারবাইজানের বাকুতে নিজেদের প্রথম গ্রুপ ম্যাচে প্রতিপক্ষকে আটকে দিয়ে এক পয়েন্ট পেয়েছে আকবর হোসেন রিদনের দল। তবে ড্রয়ে সন্তুষ্ট হলেও দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে পুরোপুরি খুশি নন প্রধান কোচ।
বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে শারীরিক শক্তিতে এগিয়ে থাকা ওয়েলসের একাধিক আক্রমণ সামলে নেয় বাংলাদেশের রক্ষণভাগ। গোলপোস্টের নিচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলকে গোল হজম থেকে বাঁচান গোলরক্ষক শ্রীনাথ সরদার। তার নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।
ম্যাচ শেষে শ্রীনাথ বলেন, শারীরিক গঠনে ওয়েলসের খেলোয়াড়রা বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকলেও দলের সবাই ভালো লড়াই করেছেন। নিজের সর্বোচ্চটা দিয়ে গোলপোস্ট সুরক্ষিত রাখার চেষ্টা করেছেন জানিয়ে তিনি সামনের ম্যাচগুলোতেও গোল না খাওয়ার ধারাবাহিকতা ধরে রাখার আশা প্রকাশ করেন। পাশাপাশি ম্যাচ ধরে এগিয়ে যাওয়ার কথা জানিয়ে দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন এই গোলরক্ষক।
অন্যদিকে, গোলশূন্য ড্রয়ে এক পয়েন্ট পেলেও দলের খেলায় সন্তুষ্ট নন কোচ আকবর হোসেন রিদন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রকাশ করা ভিডিও বার্তায় তিনি বলেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি দল। ওয়েলস শারীরিক ও কৌশলগতভাবে শক্তিশালী হলেও বাংলাদেশের বিল্ডআপে বেশ কিছু ভুল হয়েছে। ম্যাচে সবচেয়ে সহজ গোলের সুযোগটিও বাংলাদেশ নষ্ট করেছে বলে জানান তিনি।
প্রতিযোগিতার ‘জি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। একই গ্রুপের আরেক ম্যাচে বুরুন্ডিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে রয়েছে পর্তুগাল।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশের সামনে ব্যস্ত সূচি। একই দিনে পর্তুগাল ও ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে কিশোররা। এরপর ২৬ অক্টোবর গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
ফিফার উদ্যোগে ১৯১টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে রয়েছে ব্যতিক্রমী খেলার নিয়ম। প্রচলিত ১১ জনের বদলে প্রতি দলে খেলছেন আটজন। ম্যাচ হচ্ছে ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে, দুই অর্ধে ২০ মিনিট করে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
তুরস্কে সড়ক দুর্ঘটনার শিকার ট্রাবজোনস্পোরের ফুটবলার ওনানা
হাজার গোলের স্বপ্নের দ্বারপ্রান্তে রোনালদো, আল নাসরের দুর্দান্ত জয়
যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া কী রাশিয়ার বিরুদ্ধে লড়তে পারবে ইউক্রেন?