ইনস্টাগ্রামে আসছে ‘ইনস্টাগ্রাম প্লাস’ প্রিমিয়াম সাবস্ক্রিপশন

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১২:১৩ পিএম

ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা সামাজিক যোগাযোগমাধ্যমে আয়ের নতুন উৎস খুঁজছে। এর অংশ হিসেবে নির্দিষ্ট কিছু দেশে পরীক্ষামূলকভাবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা চালু করেছে তারা, যার নাম দেওয়া হয়েছে ‘ইনস্টাগ্রাম প্লাস’। এই সেবার আওতায় অর্থ খরচ করে সাধারণ গ্রাহকদের তুলনায় বিশেষ কিছু ফিচারের সুবিধা পাওয়া যাবে।

‘ইনস্টাগ্রাম প্লাস’-এর সবচেয়ে আলোচিত ফিচার হলো ‘ঘোস্ট মোড’। এর মাধ্যমে কোনো ব্যবহারকারী অন্য কারো স্টোরি দেখলেও পোস্টদাতার কাছে তার নাম দৃশ্যমান হবে না। অর্থাৎ, এখন থেকে গোপনে অন্যের স্টোরি দেখার সুযোগ পাবেন গ্রাহকরা। পাশাপাশি, নিজের স্টোরি কোনো ব্যক্তি একাধিকবার দেখেছেন কি না, সেটিও জানা যাবে এই সেবার মাধ্যমে।

সাধারণত ইনস্টাগ্রামে স্টোরি শেয়ারের ক্ষেত্রে কেবল ‘পাবলিক’ বা ‘ক্লোজ ফ্রেন্ডস’ অপশন থাকে। তবে প্রিমিয়াম সাবস্ক্রিপশনে একাধিক অডিয়েন্স তালিকা তৈরি করা যাবে। ফলে ব্যবহারকারী তার ইচ্ছামতো নির্দিষ্ট গ্রুপের সাথে আলাদা আলাদা স্টোরি শেয়ার করতে পারবেন।

ইনস্টাগ্রামে স্টোরি সাধারণত ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। তবে সাবস্ক্রিপশন নিলে এই সময়সীমা আরও ২৪ ঘণ্টা বাড়ানো যাবে (মোট ৪৮ ঘণ্টা)। এছাড়া সপ্তাহে একবার নিজের স্টোরিকে ‘স্পটলাইট’ করার সুযোগ থাকবে, যার ফলে আপনার সব অনুসারীদের স্টোরি ফিডের শুরুতেই আপনার পোস্টটি প্রদর্শিত হবে।

ইনস্টাগ্রাম প্লাসে যুক্ত হয়েছে ‘সুপারলাইক’ নামের একটি আকর্ষণীয় অ্যানিমেটেড রিঅ্যাকশন। এছাড়া কোনো জনপ্রিয় অ্যাকাউন্টের স্টোরি ভিউয়ার তালিকায় নির্দিষ্ট কাউকে খুঁজে পেতে থাকবে বিশেষ সার্চ বার সুবিধা।

মেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও জানা গেছে মেক্সিকো, জাপান এবং ফিলিপাইনে এই সেবাটির পরীক্ষা চলছে। দেশভেদে এর মাসিক চার্জ ভিন্ন। মেক্সিকোতে এর খরচ মাসে প্রায় ২ ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ২৪০ টাকার মতো), জাপানেও প্রায় একই এবং ফিলিপাইনে এর চেয়ে কিছুটা কম।

বিশ্লেষকদের মতে, নতুন এই উদ্যোগ মেটার রাজস্ব বাড়াতে সাহায্য করবে। তবে অনেকেই একে ‘সাবস্ক্রিপশন ক্লান্তি’ হিসেবে দেখছেন, কারণ জনপ্রিয় অনেক ফিচার এখন টাকার বিনিময়ে পেতে হবে। পরীক্ষার ফলাফল সফল হলে বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য এই সেবা উন্মুক্ত করা হতে পারে।

NB/
আরও পড়ুন