এবার জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘ইনকগনিটো চ্যাট’ ফিচার। মূলত মেটা এআই (Meta AI) ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়েছে মেটা।
বুধবার (১৩ মে) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
বর্তমানে হোয়াটসঅ্যাপ মেটা এআই-এর মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজা, ছবি তৈরি বা পরিকল্পনা করার সুবিধা পাচ্ছেন। তবে এই কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কথোপকথনের সময় ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছিল। সেই প্রেক্ষাপটেই নতুন এই ‘ইনকগনিটো চ্যাট’ ফিচার আনার ঘোষণা দেওয়া হয়েছে।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফিচারটি তাদের নিজস্ব ‘প্রাইভেট প্রসেসিং’ প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে। ফলে এআই-এর সঙ্গে ব্যবহারকারীর কথোপকথন কোথাও সংরক্ষিত হবে না। এমনকি স্বয়ং মেটা কর্তৃপক্ষও এই চ্যাট দেখতে পারবে না।
এক ব্লগ পোস্টে মেটা জানায়, ইনকগনিটো মোডে করা চ্যাটগুলো স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে, যা নজরদারির শঙ্কা ছাড়াই ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনার সুযোগ দেবে।
মিডিয়া ব্রিফিংয়ে হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট বলেন, ‘মানুষ এখন এআই-এর কাছে জীবনের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় নিয়ে প্রশ্ন করছে। কিন্তু সবসময় সেই তথ্য প্রযুক্তি কোম্পানির সার্ভারে জমা রাখতে তারা স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাদের সেই আস্থার জায়গা তৈরি করতেই ইনকগনিটো ফিচারটি আনা হচ্ছে।’
প্রাথমিকভাবে এই ইনকগনিটো চ্যাট শুধুমাত্র টেক্সট বা লেখাভিত্তিক হবে; অর্থাৎ ব্যবহারকারীরা এতে কোনো ছবি আপলোড করতে পারবেন না। এছাড়া আপত্তিকর বা ঝুঁকিপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকতে এতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে।
পাশাপাশি আগামী মাসগুলোতে ‘সাইড চ্যাট’ নামে আরও একটি ফিচার চালুর পরিকল্পনা করছে মেটা। এর মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের সাধারণ চ্যাটবক্সের ভেতরেই সরাসরি এআই-এর সহায়তা নিতে পারবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে বিশ্বজুড়ে সকল ব্যবহারকারীর জন্য এই ইনকগনিটো ফিচারটি উন্মুক্ত করা হবে।
টাকা দিলেই হোয়াটসঅ্যাপে মিলবে বিশেষ ফিচার
ইউটিউব থেকে ঘরে বসে মাসে কত টাকা আয় করা যায়? জানুন সহজ উপায়