অবশেষে আজ (৫ মে) থেকে স্কাইপে স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট। মাইক্রোসফট জানিয়েছে, বর্তমানে প্রতিষ্ঠানটি করপোরেট যোগাযোগের অ্যাপ ‘টিমস’-এর ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। একই ধরনের দুটি সেবা চালু রাখার প্রয়োজন নেই বলেই স্কাইপেকে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: নিউজ ১৮।
গত মার্চে স্কাইপে বন্ধের ঘোষণা দিয়ে ব্যবহারকারীদের বিকল্প প্ল্যাটফর্মে স্থানান্তরের জন্য ৫ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে এখনো অনেক ব্যবহারকারী স্কাইপে সক্রিয় আছেন।
স্কাইপে বন্ধের পর কী হবে, কীভাবে তথ্য সংরক্ষণ বা স্থানান্তর করতে হবে—তা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে, স্কাইপে আইডি ব্যবহার করেই সরাসরি মাইক্রোসফট টিমসে লগইন করা যাবে। ব্যবহারকারীদের পুরোনো বার্তা, যোগাযোগের তালিকাসহ গুরুত্বপূর্ণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে টিমসে স্থানান্তর হবে। ফলে নতুন করে কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না এবং আগের সব তথ্য ব্যবহার করা যাবে।
এক সময় অনলাইন যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল স্কাইপে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা হারিয়েছে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ভিত্তিক অডিও ও ভিডিও কনফারেন্সিং সফটওয়্যারটি।

