ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ থেকে ১২ জন। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন নারী, দুইজন পুরুষ এবং মাত্র তিন বছর বয়সী একটি শিশুকন্যা রয়েছে। তীর্থযাত্রীদের সবাই কর্নাটকের বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার ধর্মপুর টোল প্লাজার কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কর্নাটক থেকে আসা একটি পিকআপ ভ্যানে মোট ২১ জন যাত্রী ছিলেন। তারা একটি ধর্মীয় স্থানে পূজা দিতে যাচ্ছিলেন। পথে ন্যাশনাল হাইওয়ে-১৬৭-এর চিলকালদোনা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্যাঙ্কারের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে সড়কের ওপর ছিটকে পড়ে এবং ঘাতক ট্যাঙ্কারটিও উল্টে যায়। দুর্ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নামেন এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুর্নুলের বড় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
ইয়েম্মিগানুর মহকুমার ডিএসপি ভার্গবী জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে-অতিরিক্ত গতি, চালকের অসতর্কতা অথবা যান্ত্রিক ত্রুটির কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘাতক ট্যাঙ্কারটিকে জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ব্যর্থ মোদি, বিশ্বমঞ্চ থেকে ভারত বিচ্ছিন্ন
হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবে চীন-ইরান! শঙ্কায় ভারত