যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায়ের রেকর্ড

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহন পারাপার ও টোল আদায়ে স্মরণকালের রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে ২ কোটি ৮৭ লাখ ৭ হাজার ৬৫০ টাকা টোল আদায় করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে যমুনা সেতু সাইট অফিসের টোল ম্যানেজার প্রবীর কুমার ঘোষ এই তথ্য নিশ্চিত করেছেন।

সেতু কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, গত ৯ ফেব্রুয়ারি (সোমবার) রাত ১২টা থেকে ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ১২টা পর্যন্ত এই বিপুল সংখ্যক যানবাহন পারাপার হয়। এর মধ্যে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব প্রান্ত (উত্তরবঙ্গগামী লেন) দিয়ে ২৩ হাজার ৯৮৯টি যানবাহন পার হয়েছে, যেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৭৩ হাজার ৯০০ টাকা। অন্যদিকে, সিরাজগঞ্জের পশ্চিম প্রান্ত (ঢাকাগামী লেন) দিয়ে ১২ হাজার ৯৩৪টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা।

সাধারণত যমুনা সেতু দিয়ে প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৭ হাজার যানবাহন চলাচল করে। কেবল ঈদের সময় এই সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পায়। তবে এবার ঈদ উৎসব ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে ঘরমুখো মানুষের চাপে যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ যান চলাচল লক্ষ্য করা যাচ্ছে।

টোল ম্যানেজার প্রবীর কুমার ঘোষ জানান, নির্বাচনের ভোট দিতে মানুষ গ্রামের বাড়ির দিকে ছুটছেন, ফলে মহাসড়কে স্বাভাবিকের তুলনায় যানবাহনের চাপ অনেক বেড়েছে। মহাসড়কের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলেও তিনি জানান।

DR/SN
আরও পড়ুন