দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে দেশে প্রবাসী আয়ের ঢল নেমেছে। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ৩ দশমিক ১৭ বিলিয়ন (৩১৭ কোটি) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা। একক মাস হিসেবে এটি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা জানান, সাধারণত বড় উৎসব বা নির্বাচনের আগে প্রবাসীরা পরিবার-পরিজনের বাড়তি খরচ মেটাতে দেশে বেশি অর্থ পাঠান। এবারও নির্বাচন ও রমজান কাছাকাছি হওয়ায় বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। এছাড়া ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকা এবং হুন্ডির বিরুদ্ধে কড়াকড়ি আরোপ করায় প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠাতে উৎসাহিত হচ্ছেন।

দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল গত বছরের মার্চে (৩২৯ কোটি ডলার)। দ্বিতীয় সর্বোচ্চ ছিল সদ্য বিদায়ী ডিসেম্বরে (৩২২ কোটি ডলার)। সেই ধারাবাহিকতায় জানুয়ারির এই ৩১৭ কোটি ডলারের প্রাপ্তি অর্থনীতিতে বড় স্বস্তি দিচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) মোট ১ হাজার ৯৪৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২১.৮ শতাংশ বেশি।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই রেমিট্যান্স প্রবাহে চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে। ১৫ জানুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার এবং আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী তা ২৮ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সদ্য শেষ হওয়া ২০২৫ সালে মোট ৩ হাজার ২৮২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য এক বিশাল মাইলফলক। রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে রিজার্ভ সংকট দ্রুত কেটে যাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

FJ
আরও পড়ুন