ব্যক্তিপর্যায়ের করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা আগামী ৩১ মার্চ পর্যন্ত ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হক স্বাক্ষরিত এক আদেশে এই সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়।
এনবিআর সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাস, সাম্প্রতিক জাতীয় নির্বাচন এবং অনেক করদাতার ই-রিটার্ন বা অনলাইন পদ্ধতিতে অভ্যস্ত হতে সময় লাগার বিষয়গুলো বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমার শেষ সময় নির্ধারিত ছিল। বিভিন্ন কর আইনজীবী সমিতির আবেদনের প্রেক্ষিতে এই নিয়ে চতুর্থবারের মতো সময় বাড়াল এনবিআর।
এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় ১ কোটি ২৩ লাখ। গত বছর মোট ৪৫ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছিলেন। তবে চলতি করবর্ষে গত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে মাত্র ৩৯ লাখ রিটার্ন জমা পড়েছে। অর্থাৎ প্রায় ৮১ লাখ নিবন্ধিত করদাতা এখনো রিটার্ন জমা দেননি। এই বিশাল সংখ্যক করদাতাকে রিটার্ন দাখিলের সুযোগ দিতেই সময় বাড়ানোর এই পদক্ষেপ।
আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪-এর ক্ষমতাবলে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের জন্য এই সুবিধা কার্যকর হবে। করদাতারা জরিমানামুক্তভাবে আগামী ৩১ মার্চের মধ্যে তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে পারবেন।
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে আরও এক মাস
