মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইসরায়েল এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নতুন করে বিশাল হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলুশনারি গার্ড কোর (IRGC) জানিয়েছে, এটি তাদের ‘৭৭তম’ দফার অভিযান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম’-এ প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতি অনুযায়ী, এবারের হামলায় ইসরায়েলের উত্তর, মধ্য ও দক্ষিণ অংশের বিভিন্ন লক্ষ্যবস্তুকে আঘাত করা হয়েছে। এই অভিযানে ইরান তাদের অত্যাধুনিক ‘সুপার-হেভি’ এবং ‘পয়েন্ট-অ্যান্ড-শুট’ সিস্টেম ব্যবহার করেছে। এছাড়া ধ্বংসাত্মক ড্রোন এবং শক্তিশালী ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে বড় ধরনের হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।
ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করেছে ইরান। এর মধ্যে কুয়েতের ‘আলি আল সালেম’, সৌদি আরবের ‘প্রিন্স সুলতান’ এবং সংযুক্ত আরব আমিরাতের ‘আল-দাফরা’ ঘাঁটির নাম উল্লেখ করা হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পরস্পরবিরোধী আচরণ’ তাদের যুদ্ধক্ষেত্র থেকে সরাতে পারবে না। নিজেদের অবস্থানে অনড় থেকে তারা লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

