মার্কিন নৌ অবরোধ বাড়ানোর ঘোষণায় তেলের দাম বাড়লো

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৫ এএম

মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেতেই বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ। বৈশ্বিক সূচক ব্রেন্ট ক্রুড বুধবার (২৯ এপ্রিল) ব্যারেল প্রতি ১২২ ডলারে পৌঁছে যায়।

বাজার বিশ্লেষকদের মতে, এই ঊর্ধ্বগতির মূল কারণ যুক্তরাষ্ট্র ইরানের ওপর দীর্ঘমেয়াদি অবরোধের প্রস্তুতি নিচ্ছে, এমন খবর। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের ইঙ্গিত বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ সংকটের আশঙ্কা বাড়িয়েছে।

হোয়াইট হাউসে তেল খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও পরিস্থিতিকে আরও গুরুত্ব দিয়েছে। শেভরন-এর প্রধান নির্বাহীসহ শিল্প নেতারা মার্কিন বাজারে প্রভাব কমানোর উপায় নিয়ে আলোচনা করেন। তবে বাজার এ বৈঠককে হরমুজ প্রণালি দীর্ঘ সময়ের জন্য কার্যত অচল থাকার ইঙ্গিত হিসেবে দেখছে।

বিশ্বের প্রায় পাঁচভাগের একভাগ তেল ও তরল গ্যাস এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। কিন্তু সংঘাত শুরুর পর থেকে ইরান এই পথে জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের বন্দরগামী বা সেখান থেকে আসা জাহাজকে প্রতিহত করা হবে।

ফলে সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই তেলের দাম তীব্র ওঠানামা করলেও সাম্প্রতিক দিনগুলোতে তা ধারাবাহিকভাবে বাড়ছে, বিশেষ করে অবরোধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায়।

এ পরিস্থিতির প্রভাব শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ নয়। বৈশ্বিক অর্থনীতিতেও তার ঢেউ লাগছে। ইউরোপের শেয়ারবাজারে পতন দেখা গেছে, যেমন এফটিএসই-১০০ (FTSE 100)-সহ প্রধান সূচকগুলো নিম্নমুখী হয়েছে। অন্যদিকে এশিয়ার বাজার কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। সূত্র: বিবিসি

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত