মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়ালো বিপিসি

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ এএম

সারাদেশে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সে লক্ষ্যে সোমবার (২০ এপ্রিল) থেকে অকটেন ২০ শতাংশ ও পেট্রোল-ডিজেল ১০ শতাংশ হারে বেশি সরবরাহ করা হবে।

রোববার (১৯ এপ্রিল) রাতে এক বার্তায় এ তথ্য জানায় বিপিসি।

বার্তায় বলা হয়, বর্তমান জ্বালানি তেলের চাহিদা বিবেচনায় ডিলার ও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে বর্ধিত হারে বিপিসির অধীনস্থ কোম্পানিগুলো কর্তৃক জ্বালানি তেল বিক্রয় করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হলো।

নির্দেশনা অনুযায়ী সোমবার থেকে দৈনিক ১৩ হাজার ৪৮ মেট্রিক টন ডিজেল, ১ হাজার ৫১১ মেট্রিক টন পেট্রোল ও ১৪২২ মেট্রিক টন অকটেন বিক্রি করা হবে।

বিপিসির তথ্য অনুযায়ী, ১ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ১৮ দিনে মোট ৩ লাখ ৭ হাজার ১৮৮ টন জ্বালানি বিক্রি হয়েছে। এর মধ্যে রয়েছে— ডিজেল ২ লাখ ৮২২ টন, কেরোসিন ২ হাজার ৩৭৯ টন, পেট্রোল ২২ হাজার ৫৫৫ টন, অকটেন ২০ হাজার ৪১২ টন, ফার্নেস অয়েল ৩০ হাজার ৯৬৫ টন এবং জেট ফুয়েল ৩০ হাজার ৫৫ টন।

১৮ এপ্রিল একদিনেই বিক্রি হয়েছে ১২ হাজার ১৩১ টন ডিজেল, ১০৫ টন কেরোসিন, ১ হাজার ২৫৬ টন পেট্রোল, ১ হাজার ২১৯ টন অকটেন, ২ হাজার ৯১২ টন ফার্নেস অয়েল এবং ১ হাজার ৯০১ টন জেট ফুয়েল।

গত বছরের একই সময়ে মোট বিক্রি হয়েছিল ২ লাখ ৭০ হাজার ৪৯৬ টন।

এদিকে, ১৮ এপ্রিল জ্বালানির দাম বাড়ানো হয়েছে। ডিজেলের দাম ১০০ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা, কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত