ইরানের ৫০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ জব্দ করলো যুক্তরাষ্ট্র

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৪ এএম

অর্থনৈতিক চাপ বাড়াতে এবার ডিজিটাল সম্পদে আঘাতের দাবি তুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরান-সম্পর্কিত প্রায় ৫০ কোটি ডলার সমমূল্যের ক্রিপ্টো সম্পদ জব্দ করা হয়েছে, যা ‘অপারেশন ইকোনমিক ফিউরি’র অংশ।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথমে প্রায় ১০ কোটি ডলার এবং পরে আরও ৩৫ কোটি ডলার সমমূল্যের ডিজিটাল সম্পদ জব্দ করা হয়েছে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্থানে ইরানি ব্যাংক হিসাবেও হস্তক্ষেপ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

বেসেন্টের ভাষ্য অনুযায়ী, এই অর্থনৈতিক অভিযান শুরু হয় গত বছরের মার্চে ডোনাল্ড ট্রাম্প-এর নির্দেশে। সাম্প্রতিক সময়ে সেই চাপ আরও বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে, যাতে তেহরানের অর্থনীতিকে চাপে রাখা যায়।

ওয়াশিংটন এখন শুধু নিজস্ব পদক্ষেপেই থেমে নেই; বরং অন্য দেশ ও প্রতিষ্ঠানগুলোকেও সতর্ক করছে। ইরানি তেলের লেনদেনে জড়ালে সংশ্লিষ্ট কোম্পানি বা ব্যাংকের ওপর ‘সেকেন্ডারি স্যাংশন’ আরোপ করা হবে। এমন বার্তাও দেওয়া হয়েছে।

মার্কিন প্রশাসনের ধারণা, এই আর্থিক অবরোধ ও বন্দরকেন্দ্রিক চাপ ইরানের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনবে। তবে তেহরান এ দাবিকে সরাসরি খারিজ করেছে।

আল জাজিরা-র প্রতিবেদন অনুযায়ী, ইরান বলছে—এই পদক্ষেপের ফল উল্টো হতে পারে, অর্থাৎ বৈশ্বিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সামাজিক মাধ্যমে মার্কিন দাবিকে ‘অসার’ বলে উড়িয়ে দিয়েছেন। সূত্র: আলজাজিরা

আরও পড়ুন
সর্বশেষপঠিত