ব্যাংকের কার্ড ব্যবহারে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তা

আপডেট : ১৫ মে ২০২৬, ০৭:৩৫ পিএম

ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে এক বিশেষ সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আকর্ষণীয় মেটাল (ধাতব) কার্ডে রূপান্তর করার লোভ দেখিয়ে তৃতীয় পক্ষ বা অননুমোদিত প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের সংবেদনশীল তথ্য হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজে এই সতর্কবার্তা পোস্ট করা হয়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাজারে কিছু অননুমোদিত প্রতিষ্ঠান প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দিচ্ছে। এই প্রক্রিয়ায় তারা গ্রাহকদের কাছ থেকে কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সিভিভি (CVV) বা সিভিসি (CVC) নম্বরের মতো অত্যন্ত গোপনীয় ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করছে। যেহেতু এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত নয়, তাই সংগৃহীত এসব তথ্য ব্যবহার করে তারা গ্রাহকের অজান্তেই বড় ধরনের জালিয়াতি ও অননুমোদিত লেনদেন সংঘটিত করতে পারে।

বাংলাদেশ ব্যাংকের মতে, এ ধরনের অননুমোদিত রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে কার্ডের তথ্য ফাঁস হওয়া এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার বিশাল ঝুঁকি রয়েছে। এতে যেমন ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হবে, তেমনি সামগ্রিক ব্যাংকিং কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমও ঝুঁকির মুখে পড়বে।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক সমস্ত গ্রাহককে অননুমোদিত প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে কার্ডের তথ্য না দিতে এবং প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তর করা থেকে বিরত থাকার জোরালো আহ্বান জানিয়েছে। কার্ড সংক্রান্ত যেকোনো সেবার জন্য শুধু সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত নিজস্ব চ্যানেল বা শাখা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

গ্রাহকদের ব্যাংক হিসাবের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক আরও মনে করিয়ে দিয়েছে যে, কোনো অবস্থাতেই ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) কিংবা কার্ডের অন্য কোনো তথ্য কারও সাথে শেয়ার করা যাবে না। কার্ডের ব্যবহারে যেকোনো ধরনের সন্দেহজনক বিষয় বা লেনদেন চোখে পড়লে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যাংকের কাস্টমার কেয়ার বা হেল্পলাইনে যোগাযোগের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত