দেশের বাজারে সোনার দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। গত বুধবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে এবং আজ বৃহস্পতিবারও নির্ধারিত এই দামেই স্বর্ণ কেনাবেচা হচ্ছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায় বেচাকেনা হচ্ছে। এর আগে, সর্বশেষ গত ১৬ মে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস, সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
নতুন এই সমন্বয়সহ চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৬ বার সোনার দাম পরিবর্তন করা হলো, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো এবং ৩১ বার কমানো হয়েছে। এর আগে বিগত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল।