ইসলামী ব্যাংক চেয়ারম্যানকে অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৭:৪৮ পিএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমকে অপসারণের দাবি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’। সংগঠনটির দাবি, তিনি সাবেক আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি এবং বিতর্কিত এস আলম গ্রুপের সহযোগী।

রোববার (৭ জুন) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ফোরামের সভাপতি অধ্যাপক নূর নবী মানিক এ ঘোষণা দেন। এর আগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী এবং ব্যাংক লুটেরাদের উত্তরসূরি খুরশীদ আলমকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে যেতে হবে।’

একই সঙ্গে তিনি দেশের আর্থিক খাত রক্ষায় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংক। পতিত স্বৈরাচারী সরকারের সহযোগীর হাতে এর নিয়ন্ত্রণ তুলে দিয়ে জাতীয় অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলবেন না।’

খুরশীদ আলমকে ‘দুর্নীতিগ্রস্ত ব্যাংক লুটেরা’ আখ্যা দিয়ে তার নিয়োগের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন অধ্যাপক মানিক। তিনি দাবি করেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ থেকে খুরশীদ আলমকে পদত্যাগ করতে হয়েছিল এবং ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।

ফোরামের অভিযোগ, অতীতে তিনি আওয়ামী লীগ সরকার ও এস আলম গ্রুপকে সুবিধা দিতে ব্যাংকিং খাত থেকে অর্থ লুটে সহায়তা করেছেন এবং বর্তমানে একই উদ্দেশ্যে তাকে চেয়ারম্যান করা হয়েছে।

এদিকে দাবির সমর্থনে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দুই ঘণ্টার ‘পেন-ডাউন’ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

সংগঠনটি জানিয়েছে, একই সময়ে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশের সব শাখা ও উপশাখার সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণ করে নির্ধারিত সময়ের জন্য ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

AHA
আরও পড়ুন