নতুন শ্রমবাজারের সন্ধানে সরকার, লক্ষ্য ১ কোটি কর্মসংস্থান

আপডেট : ১০ জুন ২০২৬, ০৮:৪০ পিএম

নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের চাহিদা যাচাই এবং নতুন শ্রমবাজার অনুসন্ধানে কাজ করছে সরকার। 

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, বৈদেশিক কর্মসংস্থান খাতকে আরও সম্প্রসারণ এবং নতুন শ্রমবাজার সৃষ্টি করতে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, বর্তমানে দেশের ১৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও ছয়টি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে ৫৫টি ট্রেডের ১৩০টি পেশায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি ৯টি বিদেশি ভাষা শেখানোর ব্যবস্থাও রয়েছে। এছাড়া ৫০টি উপজেলায় নতুন কারিগরি শিক্ষা কেন্দ্র স্থাপনের কার্যক্রম চলমান। বিদেশফেরত কর্মীদের পুনঃপ্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে পুনরায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশ-বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এক লাখ দক্ষ চালক তৈরির প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে সরাসরি যোগাযোগ নিশ্চিত করতে চালু করা হবে ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’। সৌদি আরবের তাকামুলের সঙ্গে চুক্তির আওতায় ৩০টি প্রতিষ্ঠানে ৭৯টি পেশায় স্কিল টেস্ট পরিচালিত হচ্ছে। 

দেশের ৬০টি টিটিসিতে জাপানিজ, কোরিয়ান, ইংরেজি, আরবি, জার্মান, ম্যান্ডারিন ও ইতালিয়ানসহ বিভিন্ন ভাষা শিক্ষা দেওয়া হচ্ছে। ভাষা শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ এবং সাধারণ প্রবাসীদের জন্য ৮ শতাংশ সুদে জামানতবিহীন ঋণের ব্যবস্থাও রয়েছে।

নুরুল হক নুর জানান, ওমান, মালয়েশিয়া ও বাহরাইনসহ বিভিন্ন দেশে শ্রমবাজার পুনরায় চালু ও সম্প্রসারণে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সম্ভাব্য ২৮টি শ্রমবাজারের মধ্যে ১৮টি দেশের সঙ্গে ইতোমধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। 

দক্ষিণ কোরিয়া, জাপান, ওমান ও থাইল্যান্ডের সঙ্গে নতুন চুক্তির প্রক্রিয়া চলছে। একই সঙ্গে কাতার প্রযুক্তিগত খাতে বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। ইউরোপের কয়েকটি দেশে ভিসা সেন্টারের সংকট দূর করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান প্রতিমন্ত্রী।

AT/AHA
আরও পড়ুন