দেশের বাজারে আবারও বৃদ্ধি পেলো স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভ্যাটসহ অলংকারের মূল্যে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে। স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে সংগঠনটি।
শুক্রবার (১০ জুলাই) বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১০টা থেকেই সোনা ও রুপার এই নতুন দাম দেশজুড়ে কার্যকর করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের বর্তমান দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে ক্রেতাদের কিনতে হবে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন বাজারদর দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭২৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ২ হাজার ৯১৬ টাকা।
চলতি অর্থবছরে ৪.৫ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে
দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ