২০ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার কোটি টাকা

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ এএম

প্রবাসী আয়ে বড় ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনে দেশে ২০১ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৪ হাজার ৮২১ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

মঙ্গলবার (২১ জুলাই) রেমিট্যান্স আসার এই ইতিবাচক তথ্যের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কেবল সোমবার (২০ জুলাই) একদিনেই দেশে রেমিট্যান্স হিসেবে এসেছে ৯২২ কোটি ৫০ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত বছরের (২০২৫) জুলাই মাসের প্রথম ২০ দিনে দেশে এসেছিল ১৬৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি ২০২৬ সালের একই সময়ে প্রবাসী আয় প্রবাহে প্রায় ২৩ দশমিক ১০ শতাংশের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

ব্যাঙ্কিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর ধারাবাহিক বৃদ্ধি এবং হুন্ডি বন্ধে কার্যকর পদক্ষেপের কারণেই বৈদেশীক মুদ্রার এই শক্তিশালী ধারা অব্যাহত রয়েছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। প্রবাসীদের পাঠানো এই বিপুল অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখবে।

SN
আরও পড়ুন