বাজারে তাপ ছড়াচ্ছে সবজি, কাঁচা মরিচ ২৪০

আপডেট : ২২ জুলাই ২০২৬, ১০:৫১ এএম

টানা বৃষ্টিতে রাজধানীতে সবজির বাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা। সরবরাহ সংকটের কারণে এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দামই সেঞ্চুরি ছুঁয়েছে। সবচেয়ে বেশি লাফিয়েছে কাঁচা মরিচের দাম, যা বর্তমানে বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৪০ টাকায়।

বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বৃষ্টির প্রভাবে খেত পানিতে তলিয়ে যাওয়া ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ায় সবজির সরবরাহ আশঙ্কাজনকভাবে কমেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। কয়েক দিন আগেও যে কাঁচা মরিচ কেজিপ্রতি ১২০ টাকায় মিলত, তা এক লাফে দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়, করলা ১০০ থেকে ১২০ টাকা, ঢ্যাঁড়স ও ঝিঙা ১০০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকায়। পটল ও চিচিঙ্গার দাম ঠেকেছে ৮০ থেকে ১০০ টাকায়।

এছাড়া প্রতি কেজি গাজর ১৬০ টাকা, টমেটো ১২০ থেকে ১৪০ টাকা এবং কাঁকরোল ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামে মিলছে কেবল পেঁপে, যা কেজিপ্রতি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মোহাম্মদপুর টাউন হল বাজারের বিক্রেতা আবুল হোসেন জানান, অতিবৃষ্টিতে পাইকারি বাজারে সবজির সরবরাহ কম থাকায় এ মূল্যবৃদ্ধি। আবহাওয়া স্বাভাবিক না হলে সামনের দিনগুলোতে দাম আরও বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। তবে হুট করে লাগামহীন দরবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বাজারে আসা সাধারণ ক্রেতারা।

SN
আরও পড়ুন