একদিন কমার পরেই দেশের বাজারে আবারও বাড়লো সোনার দর। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দর বেড়ে যাওয়ায় এই নতুন দর সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকেই এই দাম কার্যকর করা হয়েছে।
শনিবার সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার দর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্যবৃদ্ধির বিষয়টি জানানো হয়।
এর আগে, ৭ আগস্ট ভরিপ্রতি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। তার ঠিক একদিন আগে ৬ আগস্ট ভরিতে একলাফে ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়েছিল বাজুস। সেই ধারাবাহিকতায় এক দিনের বিরতিতে আজ আবার মূল্যবৃদ্ধির ঘোষণা এলো।
নতুন নির্ধারিত হার অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দর ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯৭৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকায়।
এদিকে সোনার দরে বড় উত্থান হলেও আগের জায়গায় স্থির রয়েছে রুপার বাজার। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা আগের মতোই বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৯৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দর ৩ হাজার ৩৩ টাকা অপরিবর্তিত রয়েছে।
সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক প্রত্যাহার
দ. কোরিয়ার সঙ্গে চুক্তি সই, ৯৭% পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ