ইন্দোনেশিয়ার বিশ্ববিখ্যাত পর্যটন দ্বীপ বালিতে একটি বড় ধরনের জুয়াবিরোধী অভিযান চালিয়ে অন্তত ৩৯ জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দ্বীপের দুটি বিলাসবহুল ভিলায় চালানো এই অভিযানে একটি আন্তর্জাতিক অনলাইন জুয়াচক্রের সন্ধান পায় পুলিশ।
বালি পুলিশের প্রধান ড্যানিয়েল আদিত্যাজায়া এক সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল সংখ্যক মোবাইল ফোন, ল্যাপটপ এবং কম্পিউটার জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পর্যটন ভিসায় ইন্দোনেশিয়ায় প্রবেশ করেছিলেন। গত বছরের শেষ দিক থেকে তারা বালিতে বসেই একটি অনলাইন জুয়ার ওয়েবসাইটের প্রচারণা এবং আর্থিক লেনদেন পরিচালনা করে আসছিলেন। চক্রটি প্রতি মাসে প্রায় ৮ বিলিয়ন রুপিয়াহ বা প্রায় ৪ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার অবৈধভাবে আয় করছিল বলে জানিয়েছে পুলিশ।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইন্দোনেশিয়ায় সব ধরনের জুয়া কঠোরভাবে নিষিদ্ধ। দেশটির আইন অনুযায়ী জুয়াড়ি, বুকমেকার এবং যারা অনলাইনে জুয়ার বিজ্ঞাপন প্রচার করে, তাদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ৩৫ জনের বিরুদ্ধে ইতিমধ্যে নির্দিষ্ট মামলা করা হয়েছে এবং বাকি চারজনকে এখনও নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইন্দোনেশিয়ার নতুন দণ্ডবিধি অনুযায়ী, এই অপরাধের জন্য অভিযুক্তদের সর্বোচ্চ নয় বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইন্দোনেশিয়ায় অনলাইন জুয়ার বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে। গত বছর দেশটিতে এই খাতে প্রায় ২৮০ ট্রিলিয়ন রুপিয়াহর বেশি লেনদেন হয়েছে এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ এর সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে।
এই অবৈধ বাজার নিয়ন্ত্রণে সরকার এবং পুলিশ বর্তমানে দেশজুড়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বালির এই অভিযানকে সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সূত্র: এএফপি
আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
