পেরুতে বন্যায় উদ্ধার অভিযানে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ১৫

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৪ এএম

পেরুর দক্ষিণাঞ্চলীয় আরেকিপা (Arequipa) অঞ্চলে ভয়াবহ বন্যায় উদ্ধার অভিযান চালানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জনই শিশু, যাদের একজনের বয়স মাত্র তিন বছর।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির বিমানবাহিনী (FAP) বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধারের পর এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, রুশ-নির্মিত এমআই-১৭ (Mi-17) হেলিকপ্টারটি রোববার (২৩ ফেব্রুয়ারি) ইকা অঞ্চলের পিসকো শহর থেকে আরেকিপার চালার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ওই অঞ্চলে কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় আটকে পড়াদের উদ্ধার এবং সহায়তা পৌঁছানোর মিশনে ছিল এটি। মাঝ আকাশে থাকা অবস্থায় হঠাৎ কন্ট্রোল রুমের সঙ্গে এর রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সোমবার সকালে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের নিকটবর্তী 'চালা ভিয়েজো' নামক এলাকায় হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। এতে ৪ জন ক্রু সদস্য এবং ১১ জন যাত্রী ছিলেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আরোহীদের মধ্যে বেশ কয়েকজন সেনাসদস্যের আত্মীয়-স্বজনও ছিলেন।

পেরুর বিমানবাহিনী এক শোকবার্তায় নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

এদিকে, আরেকিপা অঞ্চলে বন্যার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। কাদা ধস এবং নদীর পানি উপচে পড়ে অসংখ্য বাড়িঘর ও রাস্তাঘাট ধ্বংস হয়েছে। বন্যায় এখন পর্যন্ত আরও অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে—একজন বৃদ্ধা বন্যার পানিতে ভেসে গেছেন এবং একজন বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। 

আরেকিপার আঞ্চলিক গভর্নর রোহেল সানচেজ কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত সাহায্যের আবেদন জানিয়েছেন, কারণ অনেক বাড়িঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

সূত্র: বিবিসি

DR
আরও পড়ুন