মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ২৬

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম

মিয়ানমারে জান্তা বাহিনীর বর্বরোচিত বিমান হামলায় শিশু ও নারীসহ অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে চালানো এসব হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৯ জন। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় আরাকান রাজ্যের পোনন্যাগুন শহরের ইয়োয়েঙ্গু গ্রামে ভয়াবহ বিমান হামলা চালায় সামরিক জান্তা। এতে নারী ও শিশুসহ ১৭ জন নিহত এবং ১৪ জন আহত হন। রাজধানী সিত্তে থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরটি ২০২৪ সালের মার্চে সামরিক বাহিনীর হাত থেকে দখল করে নেয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

স্থানীয় এক বাসিন্দা জানান, হামলায় অন্তত পাঁচটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলের মিনমু শহরে পৃথক এক হামলায় দুই শিশুসহ আরও ৯ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। জানা গেছে, স্থানীয়রা ইন্টারনেট ব্যবহারের জন্য ‘স্টারলিংক’ ডিভাইস চালু করে জড়ো হয়েছিলেন- এমন একটি স্থানে জান্তা বাহিনীর দুটি প্যারামোটর থেকে তিনটি বোমা ফেলা হয়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাতের পর থেকে মিয়ানমারে জান্তা ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত চরম আকার ধারণ করেছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, সামরিক অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত এই গৃহযুদ্ধে ৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

FJ
আরও পড়ুন