কসমেটিক সার্জারির পর ২০ বছর বয়সি ইনফ্লুয়েন্সারের মৃত্যু

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম

সুন্দর হওয়ার বাসনা অনেক সময় ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। তেমনি এক করুণ পরিণতির শিকার হলেন ব্রাজিলের জনপ্রিয় ২০ বছর বয়সি মডেল ও ইনফ্লুয়েন্সার বিয়াঙ্কা দিয়াস। সম্প্রতি একটি কসমেটিক সার্জারি করার পর শারীরিক জটিলতায় ভুগে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিয়াঙ্কার ঘনিষ্ট বন্ধু জিওভান্না বোর্হেস জানান, বিয়াঙ্কা সম্প্রতি কসমেটিক সার্জারি করিয়েছিলেন। অস্ত্রোপচারের পর শুরুতে তিনি বাড়িতেই সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু হঠাৎ করেই তাঁর ফুসফুসে রক্ত জমাট বাঁধতে শুরু করে (পালমোনারি এমবোলিজম) এবং তীব্র খিঁচুনি ওঠে। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছিল, কিন্তু পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

বিয়াঙ্কা দিয়াস মডেল হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন। গত বছরের ডিসেম্বরে লন্ডন ভ্রমণের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন তিনি। সেটিই ছিল তাঁর শেষ সোশ্যাল মিডিয়া কার্যক্রম। এরপরই তিনি এই প্রাণঘাতী অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ২০ ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলোতে তাঁর শেষ বিদায়ে পরিবার ও বন্ধুরা উপস্থিত ছিলেন।

বিয়াঙ্কার মৃত্যুতে ব্রাজিলের ফ্যাশন ও সোশ্যাল মিডিয়া জগতে শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকরা আবারও সতর্ক করে বলছেন, যেকোনো ধরণের কসমেটিক সার্জারির আগে এর দীর্ঘমেয়াদী ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা জরুরি।

DR/SN
আরও পড়ুন