খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কাঁদলেন ইরানি উপস্থাপক

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০১:৩৮ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুসংবাদ পাঠ করতে গিয়ে সরাসরি সম্প্রচারেই কান্নায় ভেঙে পড়েছেন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক।

রোববার (১ মার্চ) সকালে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে আনুষ্ঠানিকভাবে খামেনির প্রয়াণের ঘোষণা দেওয়ার সময় এই আবেগঘন দৃশ্য দেখা যায়। সংবাদ পাঠের একপর্যায়ে ওই উপস্থাপকের কণ্ঠ রুদ্ধ হয়ে আসে এবং তাকে বারবার চোখের পানি মুছতে দেখা যায়। 

এই ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো ইরানজুড়ে শোকের আবহ আরও ঘনীভূত হয়। সাধারণ নাগরিক থেকে শুরু করে সামরিক কর্মকর্তারাও এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন।

খামেনির মৃত্যুতে ইরান সরকার ইতিমধ্যেই ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময়ে দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সব ধরনের আনন্দ উৎসব ও রাষ্ট্রীয় অনুষ্ঠান সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে এখন খামেনির জীবন ও রাজনৈতিক দর্শনের ওপর বিশেষ তথ্যচিত্র ও স্মরণসভা প্রচার করা হচ্ছে। 

এর আগে, গতকাল (শনিবার) সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। তারপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনি নিহত হয়েছেন বলে জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, খামেনির নিহতের তথ্য নিশ্চিত করেন। 

সরকারিভাবে ইরান প্রথমে খামেনির নিহতের তথ্য স্বীকার করেনি। অবশেষে আজ রোববার বাংলাদেশ সময় সকালে খামেনির নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে তেহরান।

ইরানে ক্ষমতাসীন শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ-সহ দেশটির সর্বক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাব ছিল অত্যন্ত গভীর এবং সর্বব্যাপী। মূলত তার নির্দেশনাতেই ইরানের সরকার চলতো। 

১৯৭৯ সালে ইরানের তৎকালীন শাহ (রাজা) মুহম্মদ রেজা শাহ পাহলভিকে হটিয়ে ইরানের জাতীয় ক্ষমতা দখল করে শিয়াপন্থি বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী, শাহবিরোধী রাজনৈতিক দল এবং কমিউনিস্ট দলগুলো। সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর তিনি হন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা।

১৯৮৯ সালে বয়সজনিত অসুস্থতায় মারা যান খোমেনি। তার মৃত্যুর পর দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলী খামেনি। 

আরও পড়ুন