ইরানি আরেক জাহাজ থেকে ২০৮ ক্রুকে উদ্ধার করেছে শ্রীলঙ্কা

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৭ পিএম

ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের হামলায় একটি জাহাজ হারিয়ে চরম সংকটে পড়া ইরানি নৌবাহিনীর আরও ২০৮ জন সদস্যকে উদ্ধার করেছে শ্রীলঙ্কা। ‘আইআরআইএস বুশেহর’ (IRIS Bushehr) নামের একটি জাহাজ থেকে এই নাবিকদের নিরাপদে তীরে সরিয়ে আনা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। 

লঙ্কান প্রেসিডেন্ট জানান, কলম্বো বন্দরের কাছে শ্রীলঙ্কার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (EEZ) নোঙর করা ছিল ইরানি জাহাজ ‘আইআরআইএস বুশেহর’। জাহাজটির অধিনায়ক ও কলম্বোর ইরানি দূতাবাসের সঙ্গে আলোচনার পর নাবিকদের মানবিক কারণে তীরে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়। উদ্ধারকৃত ২০৮ জনের মধ্যে ৫৩ জন কর্মকর্তা, ৮৪ জন ক্যাডেট, ৪৮ জন সিনিয়র নাবিক এবং ২৩ জন সাধারণ নাবিক রয়েছেন।

উদ্ধারকৃতদের প্রথমে কলম্বো বন্দরে আনা হয়েছে এবং পরবর্তীতে তাদের ত্রিনকোমালি বন্দর এলাকায় স্থান্তান্তরের পরিকল্পনা রয়েছে। এছাড়া ইরানের আরও তিনটি জাহাজ আগামী ৯ ও ১৩ মার্চ শ্রীলঙ্কা সফরের অনুমতি চেয়েছে বলেও জানান দিসানায়েকে।

উল্লেখ্য, গত ৪ মার্চ শ্রীলঙ্কা উপকূলের অদূরে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানের অত্যাধুনিক রণতরি ‘আইআরআইএস ডেনা’ নিমজ্জিত হয়। ওই ঘটনায় জাহাজটিতে থাকা প্রায় ১৮০ জন নাবিকের মধ্যে মাত্র ৩২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। পরবর্তীতে নিখোঁজদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করে শ্রীলঙ্কান নৌবাহিনী। বর্তমানে মৃতদেহ ও জীবিতরা গালে (Galle) জাতীয় হাসপাতালে রয়েছেন।

ভারত মহাসাগরে পরাশক্তিদের এই সামরিক সংঘাতের জেরে ওই অঞ্চলে অবস্থানরত ইরানের অন্যান্য জাহাজগুলোও চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার কাছে ইরানের এই মানবিক আশ্রয় প্রার্থনা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত