ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সিনেটরের বিস্ফোরক অভিযোগ

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১১:৩০ এএম

ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ঘোষণার নেপথ্য কারণ নিয়ে তীব্র সমালোচনা ও বিস্ফোরক অভিযোগ তুলেছেন। মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির এই জ্যেষ্ঠ সদস্য দাবি করেছেন, ট্রাম্প মূলত তার ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতেই আমেরিকান সন্তানদের যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছেন।

সিনেটর কেইনের মতে, ২০২০ সালের নির্বাচনী পরাজয় মেনে নিতে না পারা এবং ২০২৪ সালের নির্বাচনে ইরানের কথিত হস্তক্ষেপের দাবিকে কেন্দ্র করে ট্রাম্প এই সংঘাত উসকে দিচ্ছেন। মার্কিন সংবাদমাধ্যম ‘জাস্ট দ্য নিউজ’-এর একটি প্রতিবেদনের সূত্র ধরে তিনি জানান, ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান তাকে পরাজিত করার চেষ্টা করেছিল যা এখন যুদ্ধের একটি বড় অজুহাত হিসেবে ব্যবহৃত হচ্ছে।

টিম কেইন রিপাবলিকান কংগ্রেস সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চান, রিপাবলিকানরা কি ট্রাম্পের এই ব্যক্তিগত উদ্দেশ্যপ্রণোদিত যুদ্ধকে কোনো প্রশ্ন ছাড়াই সমর্থন দিয়ে যাবেন? এর আগে তিনি ইরানে স্থলপথে সেনা মোতায়েনের বিরুদ্ধেও কঠোর সতর্কতা জারি করেছিলেন। তিনি মনে করেন, স্থল সেনা পাঠানো হলে এই ‘অপ্রয়োজনীয় এবং অবিবেচনাপ্রসূত’ যুদ্ধ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে।

উল্লেখ্য যে, টিম কেইন ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনের রানিং মেট ছিলেন। বর্তমানে মার্কিন বৈদেশিক নীতি ও সামরিক অভিযানের ওপর নজরদারি করার ক্ষমতা সম্পন্ন গুরুত্বপূর্ণ একটি কমিটির সদস্য হিসেবে তার এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আল জাজিরার বরাতে জানা গেছে, এই অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা যুদ্ধের ময়দানেও প্রভাব ফেলতে পারে। সূত্র: আলজাজিরা।

SN
আরও পড়ুন