দক্ষিণ-পশ্চিম ইরানের একটি ক্যানসার হাসপাতালের কাছে মার্কিন বিমান হামলার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ইরান। হাসপাতালটি থেকে শতাধিক রোগীকে সরিয়ে নেওয়ার ঘটনার পর এই হামলাকে ‘বর্বর’ বলে আখ্যা দিয়েছে তেহরান। ইরানের দাবি, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের আশপাশে এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক নীতিমালার পরিপন্থী এবং এটি বেসামরিক মানুষের নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, এই হামলা ইসরায়েলের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর চালানো হামলার মতোই বর্বরতার উদাহরণ। তার ভাষায়, হামলার ফলে হাসপাতালে ভর্তি শিশু রোগীসহ চিকিৎসাধীন ব্যক্তিরা চরম আতঙ্ক, দুর্ভোগ ও মানসিক চাপের মধ্যে পড়েছেন। এমন পরিস্থিতি মানবিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।
বাঘাই জানান, হাসপাতালে কেমোথেরাপি নিচ্ছিলেন এমন অন্তত ২১১ জন রোগীকে দ্রুত অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। চলমান চিকিৎসার মধ্যেই রোগীদের স্থানান্তর করতে হওয়ায় তাদের অনেকেই অতিরিক্ত শারীরিক ও মানসিক কষ্টের মুখোমুখি হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
ইরান এই ঘটনাকে বেসামরিক জনগণের জীবন ও চিকিৎসাসেবার ওপর গুরুতর প্রভাব ফেলেছে বলে দাবি করেছে এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানিয়েছে।
তবে ইরানের এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সূত্র: আলজাজিরা
মার্কিন হামলায় ক্যানসার হাসপাতাল ছাড়তে বাধ্য হলো ২০০ রোগী
ইরানের সঙ্গে আলোচনায় বাধা দিচ্ছে ইসরায়েল: ভ্যান্স
কুয়েতে ইরানের নতুন দফা ড্রোন হামলা