অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত নির্যাতনকে ‘রাষ্ট্রীয় নীতি’ হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজ।
সোমবার (২৩ মার্চ) জাতিসংঘ মানবাধিকার পরিষদে তার সর্বশেষ প্রতিবেদন পেশ করার সময় তিনি বলেন, বিশ্ব সম্প্রদায় কার্যকরভাবে ইসরায়েলকে ফিলিস্তিনিদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর একটি ‘লাইসেন্স’ বা অনুমতিপত্র দিয়ে রেখেছে।
‘নির্যাতন ও গণহত্যা’ শীর্ষক প্রতিবেদনে আলবানিজ উল্লেখ করেন, ইসরায়েল বর্তমানে অত্যন্ত প্রকাশ্যভাবে ফিলিস্তিনিদের ওপর অবমাননা, যন্ত্রণা এবং অবদমনমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যা দেশটির সর্বোচ্চ রাজনৈতিক স্তর থেকে অনুমোদিত। তিনি বলেন, “অধিকাংশ দেশের সরকার ও মন্ত্রীরা এটি হতে দিচ্ছেন বলেই ইসরায়েল এমন সাহস পাচ্ছে।”
প্রতিবেদনে আরও বলা হয়, এই নির্যাতন কেবল অন্ধকার প্রকোষ্ঠ বা জিজ্ঞাসাবাদ কক্ষের মধ্যে সীমাবদ্ধ নেই। গণ-বাস্তুচ্যুতি, অবরোধ, ত্রাণ ও খাদ্য সহায়তা বন্ধ রাখা এবং বসতি স্থাপনকারীদের লাগামহীন সহিংসতার মাধ্যমে পুরো অধিকৃত ভূখণ্ডকে একটি ‘সম্মিলিত শাস্তির’ কেন্দ্রে পরিণত করা হয়েছে। আলবানিজ সতর্ক করে বলেন, জীবনধারণের স্বাভাবিক পরিস্থিতি ধ্বংস করে দেওয়ার এই প্রক্রিয়া মূলত একটি ‘জেনোসাইডাল’ বা গণহত্যামূলক সহিংসতা, যা ফিলিস্তিনি জনগণের ওপর দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক প্রভাব ফেলছে। সূত্র: সিএনএন

