মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ঘনীভূত হচ্ছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ (National Energy Emergency) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
মঙ্গলবার (২৪ মার্চ) এক নির্বাহী আদেশের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
আদেশে বলা হয়, মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে ফিলিপাইনের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ও অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় গুরুতর বিঘ্ন ঘটায় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র বলেন, ‘ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও সরবরাহ নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা আমাদের মতো আমদানিনির্ভর দেশের জন্য বড় ধরণের অশনিসংকেত। জাতীয় স্বার্থে এবং জনজীবন সচল রাখতে আমরা এই জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য, ফিলিপাইন তাদের প্রয়োজনীয় জ্বালানির প্রায় পুরোটাই বিদেশ থেকে আমদানি করে। বর্তমান যুদ্ধে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় ফিলিপাইনে তেলের জাহাজ আসা অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে দেশটিতে বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ার জোরালো আশঙ্কা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত দীর্ঘায়িত হলে ফিলিপাইনের মতো আরও অনেক আমদানিনির্ভর দেশ খুব শীঘ্রই একই ধরণের জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হতে পারে।
সব ধরণের জ্বালানি তেল রপ্তানি নিষিদ্ধ করলো চীন
