মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ ঝুঁকি এবং বাজারে মূল্যের অস্থিরতা দেখা দেওয়ায় বিদ্যুতের ‘স্পট সেল’ বা তাৎক্ষণিক কেনাবেচা সাময়িকভাবে স্থগিত করেছে ফিলিপাইন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
যুদ্ধের ফলে জ্বালানি সংগ্রহের পথে বাধা এবং বিশ্ববাজারে তেলের দামের অস্বাভাবিক ওঠানামা মোকাবিলায় দেশটিতে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে। এই ডিক্রির অধীনেই বিদ্যুৎ কেনাবেচা স্থগিতের নির্দেশ দেওয়া হয়। ফিলিপাইনের এনার্জি রেগুলেটরি কমিশন (ইআরসি) জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আগামী ১ এপ্রিলের মধ্যে তারা একটি পরিবর্তিত মূল্য কাঠামো চূড়ান্ত করবে বলে আশা করছে।
স্থগিতাদেশ চলাকালীন দেশটির বিদ্যুৎ ব্যবস্থা বিশেষ নির্দেশিকার অধীনে পরিচালিত হবে। এতে মূলত নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়া হবে এবং বর্তমান জ্বালানি মজুদ সংরক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হবে।
ফিলিপাইন সরকারের বিবৃতিতে বলা হয়েছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া এবং নিরাপদভাবে কার্যক্রম পরিচালনার পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। মূলত যুদ্ধের কারণে তৈরি হওয়া বৈশ্বিক অস্থিরতা থেকে দেশের অভ্যন্তরীণ বিদ্যুৎ খাতকে রক্ষা করতেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে ফিলিপাইন।
তেলের রাজনীতিতে বিশ্বকে টেক্কা দিয়ে আগেভাগেই ‘প্রস্তুত’ চীন!
