জ্বালানি সংকট

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট কমানোর ঘোষণা ভিয়েতনামের 

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৩:৫২ পিএম

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের বিমান চলাচল খাতে। জ্বালানি সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় এবং জেট ফুয়েলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দেশটি তাদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পরিষেবা ব্যাপক হারে কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে।

ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘এনহান দান’-এর এক প্রতিবেদনে শুক্রবার (২৭ মার্চ) এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ভিয়েতনাম এয়ারলাইন্স আগামী ১ এপ্রিল থেকে অন্তত ৭টি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল স্থগিত করবে। এছাড়া জ্বালানি তেলের দামের ওপর ভিত্তি করে তারা আরও বড় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যদি জেট ফুয়েলের দাম ব্যারেল প্রতি ১৬০ থেকে ২০০ ডলারে পৌঁছায়, তবে সংস্থাটি মোট ফ্লাইটের ১০ থেকে ২০ শতাংশ সাময়িকভাবে বন্ধ করে দেবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, তারা ১২ থেকে ২৬ শতাংশ অভ্যন্তরীণ এবং ৪ থেকে ১৮ শতাংশ আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

কেবল রাষ্ট্রায়ত্ত সংস্থা নয়, ভিয়েতনামের শীর্ষস্থানীয় দুই বেসরকারি এয়ারলাইন্স-প্যাসিফিক এয়ারলাইন্স এবং ভিয়েতজেট এয়ারলাইন্সও তাদের ফ্লাইট সংখ্যা কমিয়ে দিচ্ছে। এনহান দান-এর তথ্যমতে, আগামী এপ্রিল থেকে প্যাসিফিক এয়ারলাইন্স তাদের পরিষেবার ৮ থেকে ১০ শতাংশ এবং ভিয়েতজেট এয়ারলাইন্স ১৮ শতাংশ ফ্লাইট হ্রাস করার পরিকল্পনা করছে।

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের জেরে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভিয়েতনামের মতো আমদানিনির্ভর দেশগুলোর পরিবহন ও বিমান খাত বড় ধরণের লোকসানের মুখে পড়েছে। সূত্র : আলজাজিরা

FJ
আরও পড়ুন