মালয়েশিয়ায় ৭ হাজারের বেশি বিদেশির বৈধতা যাচাই

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০২:২৫ এএম

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) পরিচালিত 'অপস পান্তাউ' অভিযানে ৭ হাজার ১৫৪ জন বিদেশি নাগরিকের কাগজপত্র ও অবস্থানের বৈধতা যাচাই করা হয়েছে। গত ২০ থেকে ২৯ মার্চ পর্যন্ত দেশজুড়ে ১৪৭টি স্থানে এই তদারকি অভিযান পরিচালিত হয়।

গত ১ এপ্রিল এক বিবৃতিতে জানানো হয়, অভিযানে ২২৩ জন কর্মকর্তা অংশ নেন। বিদেশি নাগরিকদের বৈধ কাগজপত্র, ভিসার মেয়াদ এবং দেশে অবস্থানের বৈধতা যাচাই ছিল এর মূল উদ্দেশ্য।

যাচাই করা বিদেশিদের মধ্যে সংখ্যায় শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা — মোট ৩ হাজার ৩৫৪ জন। এরপর রয়েছে মিয়ানমার ৭৮২, ইন্দোনেশিয়া ৭৭৯, পাকিস্তান ৫১৪, নেপাল ৪৭৮, ভারত ৩৪০, থাইল্যান্ড ১৬৯, ফিলিপাইন ১৫৭, চীন ১২১ এবং ব্রুনেই ১০৫ জন।

অভিবাসন বিভাগ জানিয়েছে, 'অপস পান্তাউ' কেবল নিয়মিত তদারকি কার্যক্রম নয়, এটি অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়নে বিভাগের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। অবৈধ বসবাস ও কর্মসংস্থান শনাক্তে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তারা মনে করে।

বিভাগটি আরও জানায়, আইন প্রয়োগে কঠোরতা বজায় রেখেও মানবিক ও সংযত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। বিশেষত উৎসবের সময়কাল বিবেচনায় নিয়ে জনসমাগমপূর্ণ এলাকায় অভিযানে অযথা আতঙ্ক না ছড়ানোর বিষয়ে সতর্কতা অবলম্বন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিভাগ জানিয়েছে।

HN
আরও পড়ুন