ট্রাম্পের ভাষণের পর

বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা, এশিয়ার শেয়ারবাজারে ধস

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৮ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণের পর বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ভাষণে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের কঠোর অবস্থানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে, অন্যদিকে বড় বড় শেয়ারবাজারে সূচকের পতন ঘটেছে।

ট্রাম্পের ভাষণের পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৬.২২ ডলারে পৌঁছেছে। এছাড়া মার্কিন বেঞ্চমার্ক ক্রুড বা ডব্লিউটিআই-এর দাম ৪.২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৪.৩৬ ডলারে দাঁড়িয়েছে।

ট্রাম্প তার ভাষণে ইরানকে ‘কঠোর আঘাত’ চালিয়ে যাওয়ার যে হুঁশিয়ারি দিয়েছেন, তাতেই মূলত বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

ট্রাম্পের ১৯ মিনিটের ভাষণের পর এশিয়ার বাজারগুলোতেও এর নেতিবাচক প্রভাব দেখা গেছে। জাপানের প্রধান শেয়ারবাজার নিক্কেই ২২৫ সূচক ১.৪ শতাংশ কমে ৫৩,০০৪ পয়েন্টে নেমেছে। দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৩.৪ শতাংশ এবং হংকংয়ের হ্যাং সেং ০.৮ শতাংশ কমেছে। এমনকি যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটেও ফিউচার মার্কেটে বড় পতনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা আশা করেছিলেন ট্রাম্প তার ভাষণে ইরান যুদ্ধের অবসানের কোনো সুনির্দিষ্ট এবং সহজ পথ দেখাবেন। কিন্তু তিনি তার অবস্থানে অনড় থাকায় এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার দায়িত্ব অন্য দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের উদ্বেগ আরও বেড়েছে।

YA/SN
আরও পড়ুন