ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে, আসন্ন ইস্টার উৎসব উপলক্ষে প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে রাশিয়া দেশজুড়ে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি একে ক্রেমলিনের "ইস্টার এস্কেলেশন" বা ইস্টার উত্তেজনা হিসেবে অভিহিত করেছেন। গত ২৪ ঘণ্টায় রাশিয়ার শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে দিনের বেলা বড় ধরনের হামলার ঘটনা এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটির ঝাইটোমির অঞ্চলে রুশ হামলায় ঘরবাড়ির একটি পুরো সারি ধ্বংস হয়ে গেছে। খারকিভের মেয়র জানিয়েছেন, সেখানে রাশিয়ার চালানো হামলাটি ছিল এযাবৎকালের অন্যতম বৃহত্তম, যেখানে অনেক মানুষ গুরুতর আহত হয়েছেন। কিয়েভে একটি ড্রোন সরাসরি একটি বহুতল ভবনে আঘাত হানার দৃশ্য ভিডিওতে ধরা পড়েছে।

এই উত্তেজনা এমন এক সময়ে বাড়ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার দল মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল যুদ্ধের দিকে বেশি মনোযোগ দেওয়ায় ইউক্রেন শান্তি প্রক্রিয়া থমকে গেছে। জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেছেন যে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইউক্রেনের জন্য মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য প্রতিরক্ষামূলক অস্ত্রের সরবরাহ কমে যেতে পারে।
ইউক্রেন সম্প্রতি রাশিয়ার উত্তর উপকূলের তেল স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে রাশিয়ার রপ্তানি স্থগিত করতে হয়েছে। তবে ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি রাশিয়ার জন্য লাভজনক হয়ে দাঁড়িয়েছে, যা তাদের যুদ্ধ তহবিলে অর্থ যোগান দিচ্ছে। জেলেনস্কি জানান, ফ্রন্টলাইনের পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল থাকলেও রাশিয়ার বিশাল ব্রেকথ্রু বা বড় কোনো অগ্রযাত্রা ঠেকিয়ে রাখাই এখন ইউক্রেনের প্রধান লক্ষ্য। সূত্র: বিবিসি
ইরান যুদ্ধে প্রাণ হারালেন ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫
