যুদ্ধের মধ্যেই কাতারে যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের চরম উত্তেজনার মধ্যেই কাতার সফরে যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সৌদি আরব সফর শেষ করে শনিবার (৪ এপ্রিল) তার কাতারের রাজধানী দোহায় পৌঁছানোর কথা রয়েছে। মূলত যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে বন্ধু দেশ কাতারের প্রতি ‘সংহতি ও বন্ধুত্ব’ প্রকাশ করতেই তার এই বিশেষ সফর।

দোহায় অবস্থিত ইতালির দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে জি-৭ এবং জি-২০ ভুক্ত কোনো দেশের শীর্ষ নেতা হিসেবে এটিই প্রথম কাতার সফর। মেলোনির এই আগমনকে এই অঞ্চলের ভূ-রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহে কাতারের ওপর চালানো বিভিন্ন হামলার বিরুদ্ধে ইতালির শক্ত অবস্থান পুনর্ব্যক্ত করা এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রধানমন্ত্রী মেলোনি ইতিপূর্বেও এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং কাতারের সার্বভৌমত্বের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।

সফরে কাতারি শীর্ষ নেতৃত্বের সাথে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়েও বিস্তারিত আলোচনার কথা রয়েছে। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ যেভাবে ব্যাহত হচ্ছে, তা মোকাবিলায় কাতারের সাথে ইতালির দীর্ঘমেয়াদী জ্বালানি সহযোগিতা কীভাবে আরও সুদৃঢ় ও সুরক্ষিত রাখা যায়, সে বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত আসতে পারে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, জর্জিয়া মেলোনির এই সফর মধ্যপ্রাচ্যে ইতালির সক্রিয় উপস্থিতি জাহির করার পাশাপাশি কাতারের সাথে রোমের কৌশলগত সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

সূত্র: আল-জাজিরা

NB/
আরও পড়ুন